সিরাজগঞ্জে পাঁচ তেল কারখানা সিলগালা

শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জের শাহজাদপুরে ভেজাল জ্বালানি তেল তৈরির দায়ে পাঁচ কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার সঙ্গে জড়িত একজনকে জরিমানা ও পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। রবিবার দুপুরে শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানার ভ্রাম্যমাণ আদালত এ রায় দেয়। এ সময় বিপুল পরিমাণ ভেজাল জ্বালানি তেল ও ভেজাল তেল উত্পাদনের কেমিক্যাল ও সরঞ্জামাদি জব্দ করা হয়। এর আগে কারখানাগুলোতে অভিযান চালিয়ে তাদের আটক করে সিরাজগঞ্জ র্যাব-১২। আটককৃতদের মধ্যে মহির মোল্লাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হাসান মাহমুদ (৩১), শফিকুল (৩২), ছোলায়মান (৩৫), আব্দুস ছামাদ (৩৫) ও রবিউলকে (৩৫) বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। সিরাজগঞ্জ র্যাব-১২ পরিদর্শক মো. সবুজ মিয়া জানান, ঢাকা- পাবনা মহাসড়কের গঙ্গাপ্রসাদ নামক স্থানে পাঁচটি কারখানায় দীর্ঘদিন যাবত্ ভেজাল পেট্রোল ও অকটেন তৈরি করে বাজারজাত করে আসছে। পাঁচটি কারখানা থেকে ৮০ ব্যারেল ভেজাল জ্বালানি তেল জব্দ করা হয়।