ভ্রাম্যমাণ প্রতিনিধি
পশ্চিমের জেলাগুলোতে ফের শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। যশোর, ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে রবিবার থেকে বইতে শুরু করেছে উত্তর-পশ্চিমের দিক থেকে শীতল হাওয়া। কনকনে শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। কাজ ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার পর কুয়াশা কেটে রোদ উঠে। তবে তাপমাত্রার তেমন তারতম্য লক্ষ্য করা যায়নি। এদিকে শীতের কারণে বিপাকে পড়েছে সবজি চাষিরা। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাবিবপুর গ্রামের চাষি আব্দুল খালেক মোল্লা জানান, শীত ও কুয়াশার জন্য লাউ, কুমড়া, উচ্ছে ও সরষের ফুল নষ্ট হচ্ছে। ফুলকপি ও বেগুনেরও ক্ষতি হচ্ছে বলে তিনি জানান।