দেশের বৃহত্তম রেলজংশন ও ব্যস্ততম রেলস্টেশনগুলোর একটি বগুড়ার সান্তাহার রেলজংশন স্টেশন। আদমদীঘি উপজেলায় অবস্থিত এই ঐতিহ্যবাহী রেলস্টেশনটি থেকে প্রতিদিন শত শত রেলযাত্রী বিভিন্ন রুটে যাতায়াত করেন। অথচ এ গুরুত্বপূর্ণ স্টেশনে যাত্রীদের সুবিধার্থে প্রয়োজনীয় পানির সরবরাহের ব্যবস্থা নেই। এ কারণে স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের পানির জন্য ছোটাছুটি করতে হয়। স্টেশনে পানি সংকটের পুরনো এ সমস্যা বর্তমানে প্রকট হয়ে উঠেছে। ব্রিটিশ আমলে নির্মিত এই স্টেশনে ছয়টি প্লাটফরম রয়েছে। স্টেশন নির্মাণকালে মাত্র একটি ট্যাপকল নির্মাণ করা হয়। এটিও নষ্ট থাকে সবসময়। স্টেশনে পানির পুরনো সংযোগ লাইন অকেজো হয়ে পড়েছে। এ পাইপগুলো মেরামত করেও স্টেশন কর্তৃপক্ষ একবেলা পানি সরবরাহ নিশ্চিত করতে পারেন না। দিবারাত্রি মিলিয়ে সান্তাহার স্টেশনে আন্তঃনগর ও সাধারণ ৩২টির অধিক ট্রেন যাত্রা বিরতি করে। ফলে স্টেশনে সবসময়ই যাত্রীদের ভিড় লেগে থাকে। সুতরাং স্টেশনে অপেক্ষারত ট্রেন যাত্রীদের অতি প্রয়োজনীয় পানি সমস্যা আশু দূর করা জরুরি। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি।
সাকলাইন লেনিন
আদমদীঘি, বগুড়া