n কাল বিশ্রামে ছিলেন খেলোয়াড়রা
n আজ দুপুরে র্যালি
n আজ থেকে আসছে দল
সোহেল সারোয়ার
মাত্র দুই দিন আছে হাতে। বুধবার মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বাফুফেতে ব্যাপক তত্পরতা। কর্মকর্তাদের ভিড়। বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন ছুটে গিয়েছিলেন হোটেলে জাতীয় দলের ফুটবলারদের সঙ্গে কথা বলতে। দলের ইংলিশ কোচ জেমি ডে এবং তার স্বদেশি কোচিং স্টাফদের নিয়ে বৈঠক করেছেন। কথা বলেছেন খেলোয়াড়দের সঙ্গে। জামাল ভুঁইয়া, তপু বর্মন, মামুনুল ইসলাম, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, রহমত মিয়া, মতিন মিয়াদের উদ্দেশে প্রেরণামূলক কথা বলেছেন। খেলোয়াড়দের উজ্জীবিত করতে কাজী সালাহউদ্দিন সব সময় নিজের ফুটবল ক্যারিয়ারের বিভিন্ন ঘটনার কথা তুলে আনেন। বিশ্ব ফুটবল যারা মাতিয়েছেন তাদের জীবনে ঘটে যাওয়া ঘটনার কথা তুলে আনেন। ‘কষ্ট তোমাকে করতে হবে। পরিশ্রম তোমাকে করতে হবে। মাঠের খেলাটা তোমরাই পারবে। আমরা ফেডারেশনের কেউ মাঠে খেলে দিতে পারব না—বলেন কাজী সালাহউদ্দিন। তিনি বললেন, ‘খেলোয়াড়দের প্রস্তুতির জন্য বিদেশেও পাঠানো হয়েছে, আমরা কখনো এই সুযোগ পাইনি। আমাদের সময় যারা ফুটবল খেলেছে তারা অনেক কষ্ট করেছে। এখনকার মতো এত সুযোগ-সুবিধা ছিল না। আরেকটি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ঘরের দুয়ারে। দেশের ফুটবল দর্শক মাঠে তোমাদের খেলোয়াড়দের দেখবে, আমাদের কর্মকর্তাদের দেখবে না। একটা ট্রফি দেশের মানুষকে উপহার দিতে পারো তোমরাই। যদি বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হতে পারো তাহলে খেলোয়াড়দের জন্য ১ লাখ টাকা বোনাস থাকবে।’ খেলোয়াড়দের সঙ্গেই দুপুরের খাবার খেয়েছেন বাফুফের সভাপতি। বাইরে বেরিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে বাফুফের কাজী সালাহউদ্দিন বলেন, ‘যা যা চেয়েছে সবই দিয়েছি। চ্যাম্পিয়ন হলে ১ লাখ ডলার বোনাস দেওয়া হবে। এখন মাঠের পালা।’ হতাশ করেননি খেলোয়াড়দের। যদি রানার্সআপ হয় তাহলে ৫০ হাজার ডলার বোনাস পাবেন ফুটবলাররা।
খেলোয়াড়রা দারুণ খুশি সভাপতিকে পেয়ে। তার বক্তব্য শুনেও মনের শক্তি যেন বেড়েছে। এখন মাঠে নামার প্রস্তুতি। দেশকে একটা উপহার দিতে পারলে দারুণ হবে সেটি জানালেন অধিনায়ক জামাল ভুঁইয়া। নববিবাহিত এই জামাল ভুঁইয়ার চোখে স্বপ্ন। পুরস্কার বিতরণী মঞ্চে ট্রফি উঁচিয়ে ধরবেন তিনি। ডিফেন্ডার তপু বর্মন বললেন, ‘এখানে বোনাস কোনো বিষয় নয়। দেশের জন্য খেলা, দেশের প্রতিনিধিত্ব করাটাই এখানে বড়ো ব্যাপার। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব দেশের মানুষকে আরেকটা ট্রফি উপহার দিতে।’
জাতীয় দলের ফুটবলারদের অনুশীলন ছিল না কাল। ছুটি কাটিয়েছেন খেলোয়াড়রা। পল্টনের হোটেল ছেড়ে গতকাল থেকে সোনারগাঁও হোটেলে অবস্থান জামাল ভুঁইয়াদের। দুপুরে বাফুফে সভাপতির পর্ব শেষ করে বিকালে বলরুমে ফটোসেশন হয়েছে। আজ সকালে শেখ জামাল ধানমন্ডি মাঠে পুনরায় অনুশীলন শুরু হবে।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের বিদেশি দলগুলো আজ থেকে আসতে শুরু করবে। ছয় দলের টুর্নামেন্টে বিদেশি পাঁচ দল। আজ আসবে দুটি দল। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন এবং মরিশাস। আগামীকাল ঢাকায় আসবে শ্রীলঙ্কা ও বুরুন্ডি এবং বুধবার ঢাকায় আসবে সিশেলস ফুটবল দল। বঙ্গবন্ধু কাপ ফুটবল সামনে রেখে আজ একটি র্যালির আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে বাংলাদেশ, ফিলিস্তিন, শ্রীলঙ্কা এবং বি গ্রুপে মরিশাস, সিশেলস, বুরুন্ডি। ১৫ জানুয়ারি শুরু হয়ে ২৫ জানুয়ারি শেষ হবে। সব খেলা বঙ্গবন্ধু স্টেডিয়ামে, প্রতিদিন একটি করে খেলা বিকাল ৫টায় শুরু হবে।