সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিব :গণপূর্ত মন্ত্রী

ইত্তেফাক রিপোর্ট

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, গোটা জাতির জন্য একটি গৌরবোজ্জ্বল অধ্যায় বাঙালি জাতির ইতিহাসে একজন মহামানবকে পাওয়া। সেই মহামানব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হাজার বছরের নয়, সর্বকালের বাঙালি জাতির ইতিহাসে যতটুকু খোঁজ পাওয়া যায়, তার মতো মহামানবের জন্ম আর হয়নি। সেজন্য আমরা তাকে বলি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। কেউ কেউ ভুল করে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান। তখন আমরা প্রশ্ন তুলি, তাহলে এক হাজার বছরের আগে আরো কেউ ছিল কি না? এটাই চূড়ান্তভাবে গৃহীত সিদ্ধান্ত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আইন ও সংবিধান বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতি টাঙানোর পর এক সংক্ষিপ্ত বক্তৃতায় গণপূর্ত মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের পরিষ্কার কথা, নিরপেক্ষ নির্বাচন হবে। সে নির্বাচনে যারা নির্বাচিত হবেন, রাষ্ট্র তাদেরকে দায়িত্ব পালনের সকল সুযোগ দেবে। কুমিল্লা, রংপুর ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দৃষ্টান্ত স্থাপন হয়েছে। আওয়ামী লীগ সেখানে নির্বাচনে হস্তক্ষেপ করেনি।

অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিনউদ্দিন, ল রিপোর্টার্স ফোরাম সভাপতি ওয়াকিল আহমেদ হিরণ প্রমুখ বক্তব্য রাখেন।