র্যাগিং বন্ধে স্কোয়াড গঠনের নির্দেশ হাইকোর্টের

ইত্তেফাক রিপোর্ট

বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানে র্যাগিংয়ের নামে শিক্ষার্থী নির্যাতন ঠেকাতে কমিটি ও স্কোয়াড গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদেশপ্রাপ্তির তিন মাসের মধ্যে এটা বাস্তবায়ন করতে শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদেরকে বলা হয়েছে। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন। এছাড়া শিক্ষার্থীদের জীবন ও সম্মান রক্ষায় র্যাগিং বন্ধে নীতিমালা প্রণয়নে বিবাদীদের ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। গত ৯ অক্টোবর র্যাগিং বন্ধ ও র্যাগিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ সংশ্লিষ্টদের বরাবর লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। এতে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বক্ষণিক সহায়তার জন্য এন্টি র্যাগিং কমিটি গঠন ও মনিটরিংয়ের জন্য এন্টি র্যাগিং স্কোয়াড গঠনে সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা নোটিশে বলা হয়। কিন্তু নোটিশের জবাব না পেয়ে তিনি হাইকোর্টে রিট করেন।

রিটে বলা হয়, অনেক স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা তরুণ শিক্ষার্থীরা সিনিয়রদের র্যাগিংয়ের শিকার হন। সিনিয়ররা নতুনদের কান ধরে ওঠ-বস করানো, রড দিয়ে পেটানোসহ নানা মানহানিকর কাজ করতে বাধ্য করে। যা একজন নবীন শিক্ষার্থীর জন্য অপমানজনক। শুনানি শেষে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন আদেশের পাশাপাশি রুল জারি করে।