ব্যাংকে মাতৃত্বকালীন ছুটি সর্বোচ্চ দুইবার

ইত্তেফাক রিপোর্ট    

ব্যাংকের নারী কর্মকর্তা ও কর্মচারীরা ছয় মাস মাতৃত্বকালীন ছুটি ভোগ করতে পারবেন। স্থায়ী ও অস্থায়ী সবাই এ ছুটি পাবেন। তবে পুরো চাকরিজীবনে সর্বোচ্চ দুই বার এ ছুটি পাবেন। মাতৃত্বকালীন ছুটি অন্য কোনো ছুটির সঙ্গে সমন্বয় করা যাবে না। ছুটির সময়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারী স্বাভাবিক বেতন ও ভাতা পাবেন। গত বৃহস্পতিবার ব্যাংকিং খাতে মাতৃত্বকালীন ছুটিসংক্রান্ত নতুন এই নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকিং খাতে মাতৃত্বকালীন ছুটির বিধানাবলি প্রয়োগে ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। তাই মাতৃত্বকালীন ছুটিসংক্রান্ত অভিন্ন বিধানাবলি প্রয়োগের লক্ষ্যে নতুন এ নীতিমালা অনুসরণ করতে হবে।

২০১১ সালের ১০ ফেব্রুয়ারি বাণিজ্যিক ব্যাংকগুলোতে কর্মরত নারীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। এরপর ২০১৩ সালের ২৮ মার্চ ব্যাংকের মানব সম্পদসংক্রান্ত নীতিমালায় এটি অন্তর্ভুক্ত করতে বলা হয়। আর ২০১৫ সালের ১৭ জুন মাতৃত্বকালীন ছুটিতে থাকা নারী কর্মকর্তা-কর্মচারীদের বার্ষিক কর্ম মূল্যায়নের ক্ষেত্রে আগের বছর বা পূর্ববর্তী তিন বছরের গড়ের মধ্যে যেটি উত্তম সেটি বিবেচনায় নিতে বলা হয়।