সংগীত সংগঠন সুরের ধারার আয়োজনে রবিবার থেকে রাজধানীর লালমাটিয়া হাউসিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজের মাঠে শুরু হয়েছে দুই দিনব্যাপী পৌষ উত্সব। লোকজ নাচ-গান, আবৃত্তি এবং রবীন্দ্র ও নজরুল সংগীতসহ নাটকে বহুমাত্রিক সাংস্কৃতিক পরিবেশনায় সাজানো হয়েছে এ উত্সব।। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত এ উত্সব চলবে।
গতকাল উত্সবস্থলে গিয়ে দেখা গেল পুরো প্রান্তর জুড়ে প্রাণের কলরব। মাঠ জুড়ে ছড়িয়ে আছে নানা আনন্দ উপকরণ। আছে ঘূর্ণায়মান নাগরদোলা থেকে শুরু করে পুতুলনাচ, বায়োস্কোপ, চরকি কিংবা সার্কাস। কুড়িটির বেশি স্টলে দেখা মেলে পিঠা-পুলির সঙ্গে কারুশিল্প সামগ্রী, ঘর সাজানোর পণ্যসহ বাহারি নকশার শাড়ি।
‘পৌষ তোদের ডাক দিয়েছে, আয়রে চলে আয় আয় আয়’। কারণ, পৌষের আবাহনেই সাজানো হয়েছে মেলাটি। সম্মেলক সংগীতের সুরে প্রথম দিনের অনুষ্ঠানের সূচনা হয়। সুরের ধারার শিল্পীরা গেয়ে শোনান ‘মাটি তোদের ডাক দিয়েছে আয়রে চলে, আয় আয় আয়’। এরপর শুরু হয় উত্সবের উদ্বোধনী আনুষ্ঠানিকতা। প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উত্সব উদ্বোধন করা হয়। শুভেচ্ছা বক্তব্য দেন সুরের ধারার অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
শুভেচ্ছা বক্তব্যে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, শান্তিনিকেতনে আশ্রম প্রতিষ্ঠার পর রবীন্দ্রনাথের পিতা সেখানকার মানুষের সম্মিলনের জন্য মেলার আয়োজন করেছিলেন। মানুষে মানুষে প্রেমের সম্পর্ক সৃষ্টি ও বোধের আদানপ্রদানের কেন্দ্রস্থলে পরিণত হয়েছিল সেই মেলা। সেই ভাবনাতেই আমরা এই পৌষমেলার আয়োজন করেছি।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় নৃত্য-গীতে সাজানো সাংস্কৃতিক পরিবেশনা। একক কণ্ঠে গান শোনান তপন মাহমুদ, সালমা আকবর, চন্দনা মজুমদার, মফিজুর রহমান, বিজন চন্দ্র মিস্ত্রী, এনামুল হক, রাজিত, আল-আমিন, খায়রুল প্রমুখ। দ্বৈত কণ্ঠে গান পরিবেশন করেন অনুশ্রী ও তনুশ্রী। সম্মেলক সংগীত পরিবেশনায় অংশ নেয় সুরের ধারার শিশু বিভাগ ও সাধারণ বিভাগের শিক্ষার্থীরা। ভবের হাট নামের নাটক উপস্থাপন করে সরকারি সংগীত মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা। নাচ করে সুরের ধারার নৃত্য বিভাগের শিল্পীরা। আবৃত্তি পরিবেশন করেন কাকলি।
আজ সোমবার উত্সবের সমাপনী সন্ধ্যায় উদ্যাপিত হবে সুরের ধারার অধ্যক্ষ রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন। জন্মদিনের কেক কাটার পাশাপাশি প্রদীপ প্রজ্বালন করা হবে। জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরসহ বিশিষ্টজনদের উপস্থিত থাকার কথা রয়েছে জন্মদিনের এ অনুষ্ঠানে। সান্ধ্যকালীন সাংস্কৃতিক পরিবেশনায় থাকবে নাচ, গান, কবিতা আবৃত্তি, পুতুলনাচসহ নানা আয়োজন।