এমপি ছাড়া সবাই ভোট চাইতে পারবেন :তোফায়েল

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ এমপি বলেছেন, ‘সিটি করপোরেশনের আচরণবিধিতে সমন্বয়ক বলে কোনো শব্দ নেই। বিভিন্ন প্রোগ্রামে সংসদ সদস্যরা (এমপি) উপস্থিত থেকে বক্তব্য দিতে পারবেন, কিন্তু ভোট চাইতে পারবেন না। এছাড়া বাকিরা ভোট চাইতে পারবেন। এতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হবে না। নির্বাচন কমিশন আমাদের সঙ্গে একমত পোষণ করেছেন।’

গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, আমরা মুজিববর্ষ উদ্যাপন করব, ক্ষণগণনা শুরু হয়েছে। এ উপলক্ষ্যে নেতাকর্মীরা পাড়া-মহল্লা, গ্রাম, থানা, জেলা, উপজেলা, বিভাগীয় শহরসহ প্রতিটি জায়গায় প্রোগ্রাম করতে পারবেন। এমপি-মন্ত্রীরা এসব প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন, বক্তব্য দিতে পারবেন, কিন্তু ভোট চাইতে পারবেন না। বঙ্গবন্ধু সম্পর্কে তিনি বলেন, তার মতো বিচক্ষণ নেতা দেশে বিরল। দেশের মানুষের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য জীবনের মূল্যবান সময় কারাগারে কাটিয়েছেন।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, দেশ স্বাধীনের পর যেসব চ্যালেঞ্জ ছিল, বঙ্গবন্ধু সেগুলো বাস্তবায়ন করেছেন। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তার স্বপ্ন বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছেন তারই কন্যা শেখ হাসিনা। দেশকে সুন্দর সোনার বাংলা হিসেবে গড়ে তোলার জন্য সবাইকে শেখ হাসিনার পাশে থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নেতা তারানা হালিম, ড. এনামুল হক, চিত্রনায়ক রিয়াজ, ইন্দ্রমোহন রাজবংশী প্রমুখ।