কলকাতায় বেলুড় মঠে মোদি এনআরসি নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে

 ‘নাগরিকত্ব আইন নিয়ে ভারতের মানুষকে ভুল বোঝানো হচ্ছে। এটা নাগরিকত্ব দেওয়ার আইন। নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়।’ রবিবার কলকাতার বেলুড় মঠে স্বামী বিবেকানন্দের জন্মদিনে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে এ কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘সিএএ নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ বিলে একজনেরও নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। উলটো অন্য দেশের কিংবা যে কোনো ধর্মের মানুষ যারা ভারতের সংবিধান মেনে চলেন এবং ভারতের অখণ্ডতাকে মর্যাদা দেন তাদের নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। কাউকেই বঞ্চিত করা হবে না। এ কথা যারা বুঝতে চাইছেন না, তাদের বোঝানোর দায়িত্ব আমাদের সকলের।’ এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উপস্থিত ছিলেন না। পরে কলকাতা পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানেও তিনি যাননি, যদিও ছিলেন আমন্ত্রিত অতিথি।

রবিবার স্বামী বিবেকানন্দের জন্মদিনে বেলুড় মঠের অনুষ্ঠান মঞ্চ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি—এই অভিযোগে এবং সেখানে তার সেই মন্তব্যের প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরবর্তী সভা কলকাতা পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানে যোগ দেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী। আগে ঠিক ছিল মমতা ব্যানার্জি ঐ সভায় যাবেন। কিন্তু বেলুড় মঠের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্যের পর তিনি না যাওয়ার সিদ্ধান্ত নেন।

গত শনিবারই মমতা এনআরসি নিয়ে তার বক্তব্য রাজভবনে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানিয়ে আসেন। বলেন, এনআরসি, সিএএ এবং এনপিআর অবিলম্বে প্রত্যাহার করা হোক। পোর্ট ট্রাস্টের সভায় ভারতের প্রধানমন্ত্রী ফের তোলেন কাটমানি, সিন্ডিকেট প্রসঙ্গ। পাশাপাশি বলেন, কলকাতা বন্দরের নামকরণ করা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে।?