তাইওয়ানে সাই বড়ো জয় পেলেও আগের অবস্থানেই অটল চীন

তাইওয়ানে চীন বিরোধী নেত্রী সাই ইং ওয়েন দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি এবার বড়ো ব্যবধানে জয় পেয়েছেন। কিন্তু চীন তার আগের অবস্থানেই অটল থাকবে বলে জানিয়েছে। গতকাল বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা বলেছে। খবর রয়টার্সের

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে বিক্ষোভ চলছে। এজন্য তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে চীন ব্যাপক প্রচারণা চালিয়েছিল। দেশটির কর্মকর্তারা ‘এক দেশ, দুই নীতি’ পদ্ধতির বিষয়ে প্রচারণা চালিয়েছিলেন। কিন্তু তার পরও সাই ইং ওয়েন প্রেসিডেন্ট নির্বাচিত হন। যুক্তরাষ্ট্র তার জয়কে স্বাগত জানিয়েছে। গতকাল চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাইওয়ানের অভ্যন্তরে কী ঘটল তা নিয়ে তাদের মাথাব্যথা নেই। বিশ্বে চীন নামের দেশ একটিই আছে। আর তাইওয়ান এই দেশের একটি অংশ। এই অবস্থানের কোনো পরিবর্তন হবে না। সাই ইং ওয়েন চীনের মডেলকে প্রত্যাখ্যান করেছেন। তার দল ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) চীনবিরোধী এবং পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ। গতকাল সাই ইং ওয়েন মার্কিন যুক্তরাষ্ট্রের ডি ফ্যাক্টো দূতাবাসের প্রধান ব্রেন ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি বলেন, গণতন্ত্রের মূল্য কতোটা তা এবারের ভোটে জনগণ প্রমাণ করেছে।