পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সরকার বাংলাদেশে আগমনেচ্ছু বিদেশি শিক্ষার্থীদের ব্যাপারে সব সময় অত্যন্ত যত্নবান। ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে সমস্ত আগ্রহী শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে, বিশেষ করে বাংলাদেশের প্রখ্যাত সরকারি ও বেসরকারি চিকিত্সা মহাবিদ্যালয়সমূহে অধ্যয়নের জন্য এসে থাকেন তাদের ভর্তি, ভিসা সহজীকরণ ও নিরাপত্তার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় স্বাস্থ্য ও পরিবারকলাণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সঙ্গে সব সময় সহযোগিতা প্রদান করে চলছে। ২০১৯-২০ সালের ভর্তি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। সব দেশ থেকে প্রাপ্ত সমস্ত আবেদনপত্র বর্তমানে যাচাই-বাছাই, মার্কস সমতাকরণসহ অন্যান্য কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ইদানীং লক্ষ করা যাচ্ছে যে কিছু অসাধু ব্যক্তি বা প্রতিষ্ঠান মেডিক্যাল শিক্ষার্থীদের ভিসাপ্রাপ্তির বিষয়ে সম্পূর্ণ বানোয়াট, অবিবেচনাপ্রসূত এবং দূরভিসন্ধিমূলক প্রচারণা বিভিন্ন ওয়েব পোর্টালে প্রচার করছে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে । উল্লেখ্য, যাচাই-বাছাই সাপেক্ষে আগামী ৩১ জানুয়ারি নাগাদ বিদেশি শিক্ষার্থীদের মেডিক্যালে ভর্তির প্রক্রিয়া শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই কেবল ভিসা প্রক্রিয়া শুরু করা হয়ে থাকে।