রাজধানীর কামরাঙ্গীরচরে এক কিশোরীকে দলগতভাবে ধর্ষণের মামলার প্রধান আসামি রতন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। গতকাল রবিবার বিকালে মামলার তদন্ত কর্মকর্তা কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (নিরস্ত্র) শিকদার মহিতুল আলম আসামিকে আদালতে হাজির করেন। এরপর আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার ভোররাতে সাভারের ব্যাংক কলোনি এলাকা থেকে র্যাব-১০ এর সদস্যরা রতনকে গ্রেফতার করে।
গণধর্ষণের আসামি রিমান্ডে
রাজধানীর ভাটারায় ১২ বছরের এক শিশুকে গণধর্ষণের মামলার প্রধান আসামি মো. রাসেল ওরফে বাবুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদ আক্তার শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) গোলাম ফারুক আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী মো. শামসুজ্জোহা রিমান্ড বাতিলপূর্বক জামিন প্রার্থনা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ডের আদেশ দেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাসেলকে কুমিল্লার হোমনা থেকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৩।