পূর্ব সুন্দরবনে হরিণধরা ফাঁদসহ ৩ চোরাশিকারী আটক

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকায় ইঞ্জিনচালিত ট্রলার ও হরিণধরা ফাঁদসহ ৩ চোরাশিকারীকে আটক করেছে বনরক্ষীরা। আটক শিকারীদের সোমবার সকালে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ জয়নাল আবেদীন জানান, রবিবার রাতে কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীরা কোস্টগার্ডের সহায়তায় পক্ষীদিয়ার চর এলাকায় সাগরে সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত ট্রলারে তল্লাশি চালায়। এ সময় ট্রলার থেকে ৫০টি নাইলনের দড়ি দিয়ে বানানো হরিণধরা ফাঁদ, মাছধরা জাল, ধারালো দা উদ্ধার এবং ট্রলারে থাকা ৩ চোরাশিকারীকে আটক করে।

আটককৃতরা হলো বরগুনার পাথরঘাটার গাববাড়ীয়া গ্রামের মিরাজ (৩০) ও মোঃ মুছা (২৫) এবং তাফালবাড়ীয়া গ্রামের মোঃ হাকিম (২০)।

আরও পড়ুন: তীব্র শীতে আফগানিস্তান ও পাকিস্তানে মৃতের সংখ্যা অর্ধশত

এ ব্যপারে কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার সাদেক মাহমুদ বাদী হয়ে বন আইনে একটি মামলা দায়ের করেছেন।

ইত্তেফাক/নূহু