শিবালয় উপজেলার উথলী-পাটুরিয়া সংযোগ রাস্তার পাশে অবস্থিত একটি মাছ ও মুরগির খাদ্য প্রস্তুতকারী একটি কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে ‘মেগা ফিড’ নামের ওই কারখানাটিতে শোচনীয় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এসময় পেশাগত দ্বায়িত্ব পালনকালে দৈনিক ইত্তেফাকের শিবালয় সংবাদদাতা বাবুল আকতার মঞ্জুর মুখে আঘাত পান। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কারখানা কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে কারখানার মাঝের ভবনে মৎস্য ও মুরগির খাদ্য তৈরি কাঁচামালের গোডাউন থেকে আগুনের সূত্রপাত। এ সময় মুহূর্তের মধ্যে আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মানিকগঞ্জ, ঘিওর ও শিবালয়ের ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৪ এর কমান্ডার মো. আনোয়ারুল হক জানান, আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রায় অর্ধশতাধিক কর্মী প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গোডাউনের স্টিল বিল্ডিংয়ের ওপরের অংশসহ ভেতরে থাকা কারখানার মালামাল পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাত কিভাবে হলো তা এখন নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: জনপ্রিয় হয়ে উঠছে রাঙ্গামাটির পাহাড়ে বাউকুল চাষ
মেগাফিড কারখানার সিও মো. আহানুজ্জামান জানান, এ অগ্নিকাণ্ডের ঘটনায় গোডাউন কাঁচামালসহ কোটি টাকার মালামালের ক্ষতি সাধিত হয়েছে। তবে শ্রমিক-কর্মচারীর কোনো ক্ষতি হয়নি।
কারখানার সহকারী ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার আসলাম হোসেন ইত্তেফাককে জানান, কারখানার ১ নম্বর গুদামের পশ্চিম দিকের শেডে অগ্নিকান্ড ঘটে। এতে, পলিথিনের বস্তা ও তৈরি কার মাছের খাদ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কারখানার নিজস্ব ব্যবস্থাপনা ও শিবালয়, ঘিওর, মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় সেয়া ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ইত্তেফাক/আরআই