সুস্বাদু এবং ভিটামিন সমৃদ্ধ এই ফলকে ‘ঔষধি’ ফলও বলা হয়। মানব দেহের রক্তের চাপ এবং রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে এই ফল। এই ফলে ভিটামিন ‘এ’, ‘বি’, ‘সি’ পাওয়া যায়
ইউরোপের জনপ্রিয় ফল মাস্কমিলন এখন বাংলাদেশে চাষ হচ্ছে। প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, সুস্বাদু এবং ভিটামিন সমৃদ্ধ এইফলকে ‘ওষুধি’ ফলও বলা হয়। মানব দেহের রক্তের চাপ এবং রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে এই ফল। এই ফলে ভিটামিন ‘এ’, ‘বি’, ‘সি’ পাওয়া যায়। ফলটি দেখতে গোলাকৃতির। খেতে আমাদের দেশের ফল বাঙ্গীর মত। বাংলাদেশের মাটি এবং জলবায়ু এই ফল চাষের জন্য খুবই উপযোগী। জানা যায় দেশের কিছু কিছু স্থানে স্বল্প পরিসরে কৃষকরা এই ফল চাষের উদ্যোগ গ্রহণ করেছেন। গত দুই-একবছর ধরে এই ফলের চাষ করে কৃষকরা আর্থিকভাবে বেশ লাভবান হচ্ছে। কৃষকরা জানান এই ফল চাষে তেমন কোনো খরচ লাগে না। দেশের উত্তর বঙ্গের কিছু কিছু এলাকায় চাষিরা মাস্কমিলন চাষ করে চমক সৃষ্টি করেছে। মাস্কমিলন ফলের বীজ বপনের দেড় মাসের মধ্যে ফলন আসে। আমন ধান চাষের পর জমিতে এই ফলের চাষ করা হয়। দেশে উত্পাদিত একশ’ মাস্কমিলন তিনহাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। মাস্কমিলন চাষিরা আরো জানান একবিঘা জমিতে মাস্কমিলন চাষ করতে ৩০ হাজার টাকা খরচ হয়। এতে কৃষকদের লাভ হয় ৫০ হাজার টাকা। এই ফল চাষ করতে পানির প্রয়োজন হয়। শুষ্ক মৌসুমে এই ফলের জমিতে পানি সরবরাহ করতে গিয়ে কৃষকদের নানা বিপত্তির সম্মুখীন হতে হয়। মাস্কমিলন চাষের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা করা গেলে কৃষকরা বিশেষ উপকৃত হতো। কৃষকরা জানান, মাস্কমিলন চাষের ব্যাপারে কৃষকদের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।