গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সোমবার সকালে নিজ ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন দুলাল মিয়া (২৫)। পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের ঝিলবান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুলাল মিয়া উপজেলার বেতকাপা ইউনিয়নের রায়তি নড়াইল গ্রামের মন্টু মিয়ার ছেলে ও ট্রাক্টর চালক ছিলেন।
বেতকাপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম জানান, পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা থেকে সকাল সাড়ে ১০ টার দিকে দুলাল মিয়া ট্রাক্টরটি নিজে চালিয়ে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন। পথে ওই এলাকায় বিপরীতমুখী যাত্রীবাহী একটি বাসকে সাইড দিতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর থেকে সড়কে পড়ে যান। তারপর দুলাল মিয়া নিজের ট্রাক্টরের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন।
আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
আরও পড়ুন: ফরিদগঞ্জে ট্রাক চাপায় ৫ বছরের শিশু নিহত
পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান জানান, বিষয়টি শুনেছি। তবে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।
ইত্তেফাক/নূহু