পপেল চন্দ্র সাহা, সহকারী অধ্যাপক
আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী
মিস ডালিয়া ভেলা নগরের বাসিন্দা। তিনি স্বল্প ও ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ের জন্য ১৫ জন প্রতিবেশী নিয়ে একটি সমবায় সমিতি গঠন করেন। সমিতি গঠনের পর নিবন্ধকের অফিসে নিবন্ধনের জন্য আবেদন করেন। কিন্তু নিবন্ধক কর্মকর্তা এই সমিতি নিবন্ধনে অসম্মতি প্রকাশ করেন।
ক. সমবায় সমিতি পরিচালনার মূল দলিল কোনটি? ১
খ. সমবায় সমিতিতে মুনাফা কীভাবে বণ্টিত হয়? ২
গ. উদ্দীপকে মিস ডালিয়া কোন ধরনের সমবায় সমিতি গঠন করেন? ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে নিবন্ধক কর্মকর্তার অসম্মতির যৌক্তিকতা মূল্যায়ন কর। ৪
উত্তর-‘ক’
সমবায় সমিতি পরিচালনার মূল দলিল হলো সমবায় উপবিধি।
উত্তর-‘খ’
পারস্পরিক অর্থনৈতিক কল্যাণের জন্য সমশ্রেণির সমমনা কতিপয় মানুষ সমবায় আইনের আওতায় যে প্রতিষ্ঠান গঠন ও পরিচালনা করে তাকে সমবায় সমিতি বলে।
সমবায়ের অর্জিত মুনাফার সবটুকু সদস্যদের মধ্যে বণ্টিত হয় না। বাধ্যতামূলকভাবে এর ন্যূনতম ১৫% সংরক্ষিত তহবিলে এর ৩% সমবায় উন্নয়ন তহবিল সংরক্ষণ করতে হয়। অবশ্য সমবায়ের উপবিধিতে উল্লেখ থাকলে অন্যান্য উদ্দেশ্যে অর্জিত মুনাফার সর্বাধিক ১০% সংরক্ষণ করা যায়। বাকি অংশ সাধারণ সভায় সিদ্ধান্তক্রমে শেয়ার গ্রহীতাদের মধ্যে বণ্টন করা হয়।
উত্তর-‘গ’
উদ্দীপকে মিস ডালিয়া ভোক্তা সমবায় সমিতি গঠন করেন।
ভোক্তাগণ ক্রয় সুবিধা প্রাপ্তির লক্ষ্যে নিজেদের প্রচেষ্টা ও সহযোগিতায় কোনো সমবায় সমিতি গঠনপূর্বক সমবায় বিপনি স্থাপন ও পরিচালনা করলে তাকে ভোক্তা সমবায় সমিতি বলে। এতে একদিকে যেমনি ন্যায্যমূল্যে উন্নতমানের সামগ্রী সংগ্রহ করা যায় অন্যদিকে এ বিপনি হতে অর্জিত মুনাফা ও তারা ভোগ করতে পারে।
উদ্দীপকে দেখা যায়, মিস ডালিয়া স্বল্প ও ন্যায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ের জন্য ১৫ জন প্রতিবেশী নিয়ে একটি সমবায় সমিতি গঠন করেন। যেহেতু উক্ত সমিতি ন্যায্যমূল্যে প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ের জন্য গঠন করা হয়েছে। সেহেতু উদ্দীপকে মিস ডালিয়া ভোক্তা সমবায় সমিতি গঠন করেন।
উত্তর-‘ঘ’
হ্যাঁ উদ্দীপকের নিবন্ধক কর্মকর্তার অসম্মতি যৌত্তিক।
কতিপয় ব্যাক্তিবর্গ তাদের অর্থনৈতিক উন্নতির জন্য সমবায়ের আইনে যে সংগঠন গড়ে তোলেন তাকে সমবায় সমিতি বলে। সমবায় সমিতির ২০০১ সালের আইন ও ২০০৪ সালের উপবিধিতে উল্লেখ আছে যে, প্রাথমিক পর্যায়ে কোনো সমবায় গঠন করতে সর্বনিম্ন ২০ জন সদস্য লাগবে। এর কম সদস্য হলে সমবায় সমিতি গঠন করা যাবে না। তাদের একটি প্রাথমিক সমবায় সমিতি গঠন করতে সর্বনিম্ন ২০ জন সদস্য প্রয়োজন।
উদ্দীপকের মিস ডালিয়া ভোক্তা সমবায় সমিতি গঠন করার জন্য ১৫ জন সদস্য সংগ্রহ করে নিবন্ধকের অফিসে যান। কিন্তু নিবন্ধক কর্মকর্তা ২০ জনের কম সদস্য সংখ্যা দেখে উক্ত সমিতিকে নিবন্ধন করতে অসম্মতি জানায়।
অতএব উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করে বলা যায় যে, মিস ডালিয়া নির্ধারিত সদস্য সংখ্যা সংগ্রহে ব্যর্থ হওয়ায় নিবন্ধক কর্মকর্তা উক্ত সমিতিকে নিবন্ধন করতে অসম্মতি জানায় এবং তা অবশ্যই যৌক্তিক।