টাঙ্গাইলের ঘাটাইলে দুটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলার ধলাপাড়ায় স্থাপিত বিশাল ও স্বর্না ইট ভাটায় এই অভিযান পরিচালিত হয়।
অবৈধভাবে গড়ে তোলা ভাটা দুটি গুঁড়িয়ে দিয়ে ২০ লাখ টাকা জরিমানা করেন বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদুল আলম। দীর্ঘদিন ধরে এই ইটভাটাগুলো পরিবেশ অধিদপ্তরসহ অন্যান্য নিয়ম না মেনে ইট প্রস্তুত করে আসছে।
ভ্রাম্যমাণ আদালত চলাকালে ভাটার মালিকরা কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। বৈধ কোন কাগজপত্র না দেখানোর অভিযোগে স্বর্না ও বিশাল ভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনের ৪ ও ৫ ধারায় ১ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অন্যদিকে বিশাল ইট ভাটার মালিককে না পাওয়ায় ভাটাটি গুড়িয়ে দেয়া হয়েছে।
টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুজাহিদুল ইসলাম বলেন, টাঙ্গাইল জেলায় মোট ২৭৪টি ইটভাটার মধ্যে ১১৮টি বৈধ, আর ১৩৭টি ভাটা আদালতের রিট নিয়ে পরিচালিত হচ্ছে বাকী ১৯টি ভাটার কোন কাগজপত্র নাই। তারা অবৈধভাবে ভাটাগুলো পরিচালনা করে আসছে।
ইত্তেফাক/জেডএইচ