পীরগাছায় কোল্ড ইনজুরিতে আক্রান্ত বোরো বীজতলা

পীরগাছা (রংপুর) সংবাদদাতা

ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে রংপুরের পীরগাছায় বোরো বীজতলার চারাগাছ হলুদ বর্ণ ধারণ করেছে। এতে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কায় আসন্ন বোরো চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার তাম্বুলপুর, কৈকুড়ী, কান্দি ও পীরগাছা সদর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় গত কদিনের বয়ে যাওয়া অব্যাহত ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহের কারণে বোরো বীজতলার চারাগাছ হলুদ বর্ণ ধারণ করেছে। উপজেলার কৈকুড়ী ইউনিয়নের মোংলাকুটি গ্রামের কৃষক মাহবুবার রহমান বলেন, বীজতলায় উচ্চ ফলনশীল জাতের হাইব্রিড ও ব্রি-২৮ জাতের বীজ ফেলেন। কিন্তু ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে বীজতলার চারা নষ্ট হয়ে যাচ্ছে।

কান্দি ইউনিয়নের দাদন আব্দুস ছালাম বলেন, প্রচণ্ড ঠান্ডা ও শৈত্যপ্রবাহের কারণে ওষুধ প্রয়োগ করেও বীজতলা রক্ষা করা যাচ্ছে না। উপজেলা কৃষি কর্মকর্তা শামীমুর রহমান বলেন, শীতের হাত থেকে বোরো বীজতলা রক্ষায় করণীয় সম্পর্কে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। প্রতিদিন সকালে বীজতলার চারাগাছে আটকে থাকা কুয়াশার পানি রশি দিয়ে টেনে ফেলে দিতে হবে। প্রয়োজনে রাতেরবেলা বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে।