বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) সংবাদদাতা
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা উপেক্ষা করে যথারীতি চলছে সান্ধ্য কোর্সের ভর্তি কার্যক্রম।
বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে ইভিনিং এমবিএ প্রোগ্রামে ২৪ জানুয়ারিতে ভর্তিসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেখা যায়। সেখানে বলা হয়েছে ২৩ জানুয়ারি পর্যন্ত ঐ কোর্সের ভর্তির আবেদন চলবে। এদিকে গেল বছর ডিসেম্বরে সান্ধ্য কোর্স বন্ধসংক্রান্ত নির্দেশনা দেয় ইউজিসি।
বশেমুরবিপ্রবির সান্ধ্য কোর্সের সাবেক সমন্বয়কারী শেখ আশিকুর রহমান প্রিন্স বলেন, ব্যস্ততার কারণে কিছুদিন আগে আমি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছি। তবে ২৩ জানুয়ারি পর্যন্ত যে বিজ্ঞপ্তিটা রয়েছে সেটি গত বছরের ডিসেম্বর মাসের ১ তারিখে দেওয়া হয়েছে। ঐসময়ে এই বিষয়ে আমরা কোনো নির্দেশনা পাইনি। এ বিষয়ে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. শাহজাহান বলেন, ইউজিসির নির্দেশনা পেয়ে আমরা সবাইকে সান্ধ্য কোর্স বন্ধের জন্য উত্সাহ দিয়ে আসছি। তবে নতুন করে এই কোর্সে ভর্তি চলবে কিনা সেটি একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নেওয়া হবে।