মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় মো. সালামত উল্ল্যাহ নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ৮টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সালামত উল্ল্যাহ উপজেলার ধুম ইউনিয়নের মোবারকঘোনা গ্রামের বাসিন্দা এবং ধুম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ৭টায় রেলপথ পার হওয়ার সময় চট্টগ্রামমুখি একটি ট্রেন সালামত উল্ল্যাহকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
এই বিষয়ে ধুম ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের মো. জাহাঙ্গীর বলেন, ট্রেনের ধাক্কায় নিহত মুক্তিযোদ্ধা সালামত উল্ল্যাহ শিক্ষকতার পাশাপাশি প্রত্যক্ষভাবে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা সালামত উল্ল্যাহর দাফন সম্পন্ন হয়েছে।