সুপারকোপা
স্পোর্টস ডেস্ক
রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বলেছেন, কোচ জিনেদিন জিদান হলেন ক্লাবটির জন্য ‘স্বর্গের এক আশীর্বাদ’। গত রবিবার রাতে সৌদি আরবে অনুষ্ঠিত সুপারকোপা দে এস্পানার শিরোপা লড়াইয়ে অ্যাটলেটিকো মাদ্রিদকে টাইব্রেকে হারানোর পর তিনি এ মন্তব্য করেন।
জিদানের দল সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে ১২০ মিনিট গোলশূন্য থাকার পর টাইব্রেকে ৪-১ গোলে জয়ী হয়। এরপরই জিদানকে উচ্ছ্বসিত প্রশংসায় ভাসান পেরেজ।
মার্কাডটকম জানায় রিয়াল সভাপতি বলেন, ‘তার অনেক ট্রফি আছে এবং আমরা তার জন্য খুবই আনন্দিত। আমি আশা করব সে আরো ট্রফি জিতবে। রিয়াল মাদ্রিদের সঙ্গে জিদানের ভালোবাসার সম্পর্ক আছে। সে এক বছর বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছিল এবং এখন সে শক্তিতে বলিয়ান ফিরে এসেছে। জিদান আসলে স্বর্গের আশীর্বাদ।’
জয়টিতে অবদান আছে রিয়াল মিডফিল্ডার ফেদে ভেলভার্দেরও। কেননা ১১৫তম মিনিটে নিশ্চিত প্রায় গোলের পথে থাকা অ্যাটলেটিকো ফরোয়ার্ড আলভারো মোরাতাকে পেছন থেকে ধেয়ে এসে মারাত্মক ফাউল করলে দলকে বাঁচিয়ে বহিষ্কৃত হন ভেলভার্দে। কোচ দিয়েগো সিমিওনির দল এরপর আর কিছু করতে পারেনি।
গত রবিবার রাতের এ সাফল্যের পর রিয়াল আশা করবে জিদানের অধীনে আবারও তাদের ট্রফি জয়ের স্পৃহা শুরু হবে। কেননা এর আগের দফায় ফরাসি এই কিংবদন্তি টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জিতিয়ে ছিলেন রিয়ালকে। ২০০৮ সালের মে মাসে তিনি রিয়াল ছেড়ে গেলেও এক বছরের মধ্যে হুলেন লোপেতেগুই ও সান্তিয়াগো সোলারি মাদ্রিদের ক্লাবটির প্রত্যাশা মেটাতে ব্যর্থ হন। অতপর ২০১৯ সালের মার্চে ফিরে এলেও ৪৭ বছরের এই কোচ আগেরবারের মতো দল পাননি। কেননা সেবারের দলটিতে ছিলেন পাঁচবারের ব্যালন ডিঅর জয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগীজ স্ট্রাইকারটি এখন জুভেন্তাসে। আগের তারকাদের অনেকে থাকলে তারা এখন বিগত যৌবনা। তারপরও জিদানের অধীনে অ্যাটলেটিকোর খেলাটির পর রিয়াল ১৬ ম্যাচে অপরাজিত রয়েছে।
সুপারকোপা জয়ের পর রিয়াল এখন আবার লা লিগায় মনোযোগী হবে। স্প্যানিশ লিগে এখন তারা শিরোপাধারী বার্সেলোনার সঙ্গে সমান ৪০ পয়েন্টে থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে আছে। লিগে তাদের পরবর্তী খেলা আগামী শনিবার সেভিয়ার বিরুদ্ধে যাতে জিতলে এককভাবে শীর্ষে উঠবে জিদানের দল।