স্পোর্টস রিপোর্টার
অস্ট্রেলিয়ায় আগামী মাসেই অনুষ্ঠিত হবে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ। টুর্নামেন্টের প্রস্তুতির জন্য ভালো মঞ্চ পাচ্ছে বাংলাদেশ নারী দল। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে চার দলের টি-২০ টুর্নামেন্ট খেলতে ভারত সফরে যাচ্ছেন সালমা-জাহানারা আলমরা। আজই ভারতের উদ্দেশ্যে বিমানে চড়বেন নারী ক্রিকেটাররা। গতকাল বিসিবির উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারতের পাটনায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। ১৪ থেকে ২৩ জানুয়ারি চলবে টুর্নামেন্ট। ভারত ‘এ’, ভারত ‘বি’ দল, থাইল্যান্ড ও বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করবে এই টুর্নামেন্টে। ভারত থেকে ফিরেই বিশ্বকাপ খেলতে যাবে নারী দল।
গতকাল শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, ‘এই সফর আমাদের খেলোয়াড়দের বিশ্বকাপের জন্য ভালো একটা প্রস্তুতি হবে। ভারত থেকে ফিরে দল বিশ্বকাপ খেলতে যাবে। বিশ্বকাপ দলের সম্ভাব্য ক্রিকেটাররাই যাচ্ছেন ভারতে।’ দলের সঙ্গে থাকবেন কোচিং স্টাফের সব সদস্য।
গত ডিসেম্বরে নেপালে এসএ গেমসে সর্বশেষ খেলেছিল বাংলাদেশ নারী দল। স্বর্ণ জিতে ফিরেছিল সালমা খাতুনের দল। বিশ্বকাপে যাওয়ার আগে কোনো সিরিজ ছিল না বাংলাদেশের। ভারতের এই টুর্নামেন্ট ম্যাচ খেলা এবং নিজেদের ঝালাই করার সুযোগ এনে দিল নারী ক্রিকেটারদের।
অবশ্য ভারতে যাওয়ার আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রস্তুতি ক্যাম্প করেছিল বাংলাদেশ নারী দল। গত ১২ জানুয়ারি শেষ হয়েছে সেই ক্যাম্প।
বাংলাদেশ নারী দল :
সালমা খাতুন (অধিনায়ক), আয়েশা রহমান, মুর্শিদা খাতুন, সানজিদা ইসলাম, নিগার সুলতানা, ফারজানা হক, লতা মণ্ডল, রীতু মনি, শায়লা শারমিন, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, জাহানারা আলম, নাহিদা আক্তার, খাদিজা তুল কোবরা, পান্না ঘোষ, সুরাইয়া আজমিন, রাবেয়া ও সোবহানা মোস্তারি।