আক্ষেপ রাফায়েল নাদালের
এটিপি কাপ
স্পোর্টস ডেস্ক
নোভাক জকোভিচ এটিপি কাপের ফাইনালে রাফায়েল নাদাল ও তার দল স্পেনকে হারিয়ে সার্বিয়াকে এনে দিয়েছেন এই প্রতিযোগিতার উদ্বোধনী আসরের শিরোপা। গত রবিবার স্পেনকে ২-১ ব্যবধানে হারায় সার্বিয়া।
অথচ দিনের শুরুটা কি হতশ্রী দশায়ই না করেছিল সার্বরা! তিন ম্যাচের প্রথমটায় স্পেনের রবার্তো বাউতিস্তার কাছে ৭-৫, ৬-১ গেমে সরাসরি সেটে দুসান লাজোভিচ হারলে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে সার্বিয়া। এরপরই দলটির ত্রাতা হিসেবে আবির্ভূত হন জকোভিচ।
নাদালের বিপক্ষে ম্যাচের শুরুর সেট ৬-২ ব্যবধানে জিতেন তিনি। পরের সেটে নাদালের জোর প্রতিদ্বন্দ্বিতার মুখে ৭-৬ (৭-৪) ব্যবধানে জিতেন জকোভিচ। ৩২ বছর বয়সী তারকার সরাসরি সেটে জয়ে ১-১ সমতায় ফেরে সার্বিয়া। শিরোপা নির্ধারণী তৃতীয় লড়াইয়ে ভিক্টর ত্রিওকিকে সঙ্গে নিয়ে ৬-৩, ৬-৪ গেমে পাবলো বুস্তা ও ফেলিসিয়ানো লোপেজের স্পেনকে হারান তিনি। ফলে ২-১ ব্যবধানে লড়াইটাও জিতে নেয় সার্বিয়া।
উদ্বোধনী টুর্নামেন্টের ফাইনাল, তার ওপর শুরুতে পিছিয়েও পড়েছিল দল। প্রতিপক্ষ শিবিরে ছিলেন নাদালের মতো তারকা। এত সব প্রতিকূলতাকে জয় করে শিরোপা উঁচিয়ে ধরেছেন বলেই হয়তো টুর্নামেন্টটা জকোভিচের কাছে বিশেষ কিছু। তিনি বলেন, ‘এ অভিজ্ঞতাটা পুরো জীবন মনে থাকবে আমার। এটা আমার ক্যারিয়ারেরই সবচেয়ে মধুর স্মৃতিগুলোর মধ্যে একটা।’
ক্যারিয়ারে অনেক ব্যক্তিগত সাফল্য থাকলেও দেশের হয়ে জেতা শিরোপাটাকেই এগিয়ে রাখছেন ‘জোকার’, ‘এত দারুণ একটা ক্যারিয়ার পেয়েছি, যার কারণে নিজেকে অনেক সময় বেশ ভাগ্যবান মনে হয়। কিন্তু দেশের হয়ে নিজের কিছু দারুণ বন্ধুর সঙ্গে খেলার কাছাকাছি কিছুই হতে পারে না।’
সপ্তাহব্যাপী এই টুর্নামেন্টে একটি ম্যাচেও হারেননি জকোভিচ। এ সময়ে ছয়টি একক ম্যাচের পাশাপাশি দুটো দ্বৈত ম্যাচ জিতেছেন তিনি। তবে দলের বাকি সদস্যদেরও কৃতিত্বের ভাগটা দিলেন সার্বিয়ান তারকা। তিনি বলেন, ‘এটা অনেক বড় দলীয় চেষ্টার ফসল।’