আফগানিস্তান-পাকিস্তানে বৈরী আবহাওয়ায় ৪৩ জনের মৃত্যু

 রয়টার্স ও আল-জাজিরা

পাকিস্তান ও আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভারী তুষারপাতে কমপক্ষে ৪৩ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা জানান, বিভিন্ন রাস্তা তুষারে ঢেকে যাওয়ায় তারা আক্রান্তদের উদ্ধার  করতে পারছেন না।

আফগানিস্তান জুড়ে বয়ে যাওয়া তীব্র শৈত্যপ্রবাহের মধ্যে দেশটির কয়েকটি অংশে ভারী তুষারপাত ও প্রবল বৃষ্টি হচ্ছে। চরম এ আবহাওয়ার মধ্যে শনিবার অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। তীব্র শীত আফগানিস্তানের জন্য নতুন কোনো ঘটনা নয়; কিন্তু এ বছর আবহাওয়া আরো চরম আকার ধারণ করেছে বলে দেশটির আবহাওয়া বিভাগ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতে শনিবার ভারী তুষারপাতে দুইটি বাড়ির ছাদ ধসে অন্তত আট জন নিহত হন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে প্রাদেশিক গভর্নরের মুখপাত্র জানিয়েছেন। দেশটির অপর কয়েকটি অংশে প্রবল বৃষ্টিপাত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। আবহাওয়া বিভাগের পূর্বাভাস শাখার প্রধান মোহাম্মদ নাসিম মুরাদি বলেন, ‘আসছে সপ্তাহগুলোতে আরো কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।’

দেশটির কোনো কোনো অংশে তাপমাত্রা মাইনাস ১২ সেলসিয়াস পর্যন্ত নেমে গেছে। শনিবারের মৃতদের নিয়ে চলতি বছর তীব্র ঠান্ডায় এ পর্যন্ত অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। ভারি তুষারপাতে নতুন বছর শুরু হওয়ার পর থেকে কাবুল-কান্দাহার মহাসড়ক, সালাঙ্গ টানেলসহ বেশ কয়েকটি প্রধান মহাসড়ক বন্ধ হয়ে রয়েছে।

এদিকে পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বালুচিস্তান প্রদেশে গত ২৪ ঘণ্টায় সেখানে ২৫ জন নিহত হয়েছেন। বেশির ভাগেরই মৃত্যু হয়েছে তুষারপাতে ছাদ ধসে পড়ায়। ভারী তুষারপাতের কারণে প্রদেশের অনেক অংশে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেক রাস্তায় ছয় ইঞ্চি পরিমাণ তুষার জমে গেছে।