সারওয়ার হত্যাচেষ্টা ডাকাতির ঘটনা

দাবি পিবিআইয়ের

ইত্তেফাক রিপোর্ট

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও ছায়ানটের নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলীর বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে বলে দাবি করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল ভোরে উত্তরা থেকে এ ঘটনায় গ্রেফতার হওয়া মো. ফরহাদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিবিআইয়ের কাছে এমনই তথ্য দিয়েছে। ভুক্তভোগী ঘটনাটিকে জঙ্গি হামলা বলে দাবি করলেও পিবিআই ডাকাতি মনে করছে।

গতকাল আগারগাঁওয়ে পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) অফিসে এক সংবাদ সম্মেলনে এসপি মো. বশির আহমেদ বলেন, ঐ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফরহাদকে গ্রেফতার করা হয়েছে। তার গ্রামের বাড়ি নেত্রকোনার কলমাকান্দায়। জিজ্ঞাসাবাদে সে বলেছে, ঘটনার সঙ্গে সাত জন জড়িত। মূল পরিকল্পনাকারী ডা. সারওয়ার আলীর স্ত্রীর চাকরিচ্যুত গাড়িচালক নাজমুল।

গ্রেফতারকৃত ফরহাদ দিনমজুর হিসেবে কাজ করে। গত ৩ জানুয়ারি তাকেসহ আরো একজনকে দৈনিক ৫০০ টাকা চুক্তিতে কাজে নেওয়া হয়। পরে এ চক্রে আরো চার জন যোগ হয়ে আশকোনার একটি রেস্টুরেন্টে বসে ডাকাতির পরিকল্পনা করে। ঘটনার দিন বিকালেও আশকোনার রোজ ভ্যালি হোটেলের ৩০৩ নম্বর কক্ষে সাত জন পরিকল্পনা করে এবং সন্ধ্যার পর ঘটনাস্থলে যায়।

প্রাথমিকভাবে এ ঘটনাকে ডাকাতি বলে মনে হচ্ছে। টাকা ও স্বর্ণালঙ্কার নিতে তারা এ ঘটনা ঘটিয়েছে বলে ফরহাদ জানিয়েছে। তবে কোনো জঙ্গি সংশ্লিষ্টতা আছে কি না—তা মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করলে জানা যাবে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এ দুই জন ছাড়া অন্যদের নাম-পরিচয় জানানো সম্ভব হচ্ছে না।