গৌরীপুরে ট্রাকচাপায় মেধাবী স্কুলছাত্রী নিহত, বিক্ষোভ

ময়মনসিংহের গৌরীপুর শহরের পাটবাজার এলাকায় গতকাল সোমবার বালুবাহী ট্রাকের চাপায় নিহত হয়েছে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী তিথি পাল (১২)। আহত হয়েছে তার বান্ধবী রূপা চক্রবতী (১২)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই বান্ধুবী মিলে কোচিংয়ে যাবার জন্য ফুটপাত ধরে হাঁটছিল। শহরের পাটবাজার এলাকায় পেছন দিক থেকে দ্রুতগামী বালুবাহী ট্রাক তাদের চাপা দেয়। ছিটকে পড়ে যায় রূপা চক্রবর্তী। তিথি পালের দেহ পিষ্ঠ হয় ট্রাকের পিছনের দুই চাকায়। তিথির মৃত্যুর প্রতিবাদে ও ঘাতক ট্রাকচালক ও হেলপারের বিচারের দাবিতে ক্লাস বর্জন করে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় বিক্ষোভ মিছিল, গাড়ি ভাঙচুর, টায়ারে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ছাড়াও মানববন্ধন কর্মসূচিতে উত্তাল হয়ে উঠে গৌরীপুর পৌর শহর।

তিথি পাল পৌর শহরের মধ্যবাজার মহল্লার রঞ্জন কুমার পাল ও রীতা       পালের মেয়ে। রীতা পাল জানান, সোমবার সকাল ৭টা ১৫ মিনিটে কোচিংয়ের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে যায়। প্রতিদিনই মেয়েকে সঙ্গে করে নিয়ে যাই, আজ যেতে পারিনি। ওকে বলেছিলাম সাবধানে যাস, সাবধানে গিয়েও আমার মেয়ে বাঁচতে পারল না। এসব বলেই বারবার মূর্ছা যাচ্ছিলেন তিনি। শোকাহত পরিবারকে শান্ত্বনা দিতে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামসহ অনেকে।

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা জানান, গাজীপুরের কালীগঞ্জে দুই বাসের চাপায় এক বৃদ্ধার (৬২) মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে পৌরসভার বাজার এলাকার বাস স্ট্যান্ডে কালীগঞ্জ টান্সপোর্ট লিমিটেডের (কেটিএল) দুই বাসের চাপায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও ময়নাতদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক। নিহত বৃদ্ধার নাম অঞ্জু রানী দাস। তিনি কালীগঞ্জ পৌর এলাকার মুনশুরপুর গ্রামের মৃত পরেশ চন্দ্র দাসের স্ত্রী।

সড়কে ঝরল আরো পাঁচ প্রাণ

ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা জানান, গতকাল ফকিরহাটে খুলনা-মংলা মহাসড়কের শ্যামবাগাত মোড়ে পিকআপের সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। হ্যামকো কোম্পানির হিল শাখার কর্মকর্তা নজরুল ইসলাম দুলাল (৩৭) মোটরসাইকেলে খুলনার উদ্দেশে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নজরুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা সদরের আলমডাঙ্গা গ্রামের মৃত মোসলেম মৃধার ছেলে।

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা জানান, বিয়ের দাওয়াত খাওয়া হলো না পাঁচ বছরের শিশু লামিয়ার। তার আগেই ঘাতক ট্রাক কেড়ে নিল লামিয়ার প্রাণ। গতকাল এ ঘটনা ঘটেছে উপজেলার ধানুয়া বাজার এলাকায়। লামিয়ার দিনমজুর বাবা ইব্রাহিম মিজি বলেন, লামিয়া তার মায়ের সঙ্গে তার খালাতো বোনের বিয়েতে যাচ্ছিল। এ সময় একটি ট্রাক লামিয়াকে চাপা দেয়।

গাইবান্ধা প্রতিনিধি জানান, উপজেলায় গতকাল নিজ ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে দুলাল মিয়া (২৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের ঝিলবান্দায় এ দুর্ঘটনা ঘটে। বেতকাপা ইউপি চেয়ারম্যান ফজলুল করিম জানান, দুলাল ট্রাক্টর চালিয়ে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন। পথে একটি বাসকে সাইড দিতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর থেকে সড়কে পড়ে যান। এ সময় নিজের ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে তিনি মারা যান।

সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরা সদর উপজেলার বাইপাস সড়কের বকচরা মোড়ে দ্রুতগামী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। ওসি মোস্তাফিজুর রহমান জানান, গতকাল কাটিয়া লস্করপাড়ার ফজর আলীর ছেলে জাহিদ হোসেন (৩২) মোটরসাইকেলে বাইপাস সড়ক ক্রস করছিলেন। এ সময় একটি ট্রাক তাকে চাপা দেয়।

ভুঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, ভুঞাপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা নিহত ও শিশু আহত হয়েছেন। নিহত রাবেয়া বেগম (৩৫) উপজেলার গাবসারার ডিগ্রি গ্রামের ফরহাদ হোসেনের স্ত্রী। গতকাল ভুঞাপুর-তারাকান্দি সড়কের মাদাতারাই  এলাকায় এ  ঘটনা ঘটে।