হামলা মোকাবিলা করেই প্রস্তুতি নেব :ইশরাক

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করে চতুর্থ দিনের মতো প্রচারণায় নামেন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির দুই মেয়র প্রার্থী ইশরাক হোসেন ও তাবিথ আউয়াল। গতকাল সোমবার সকাল ১১টায় কবর জিয়ারত করেন তারা। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী সোহেল প্রমুখ।

হামলা মোকাবিলায় প্রস্তুত আছি : গতকালের প্রচারণাকালে ইশরাক হোসেন বলেন, ‘সন্ত্রাসীরা বেগম                 খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়েছিল। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে আমাদের সিনিয়র নেতাদের গাড়িবহরে হামলা চালিয়ে রক্তাক্ত করা হয়েছে। এ নির্বাচনেও এ ধরনের হামলা হচ্ছে। তবে আমরা এবার প্রতিপক্ষের সব হামলা মোকাবিলা করতে প্রস্তুত আছি।’ পরে তিনি টিকাটুলির অভয়দাস লেনের সেন্ট্রাল উইমেন্স কলেজ থেকে গতকালের প্রচারণা শুরু করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি নেতা হাবিব-উন-নবী খান সোহেল, ফজলুল হক মিলন, কাজী আবুল বাশার প্রমুখ। পরে তিনি আরো বেশ কয়েকটি স্থানে জনসংযোগ করেন। 

কারচুপির আশঙ্কা তাবিথের : এদিকে, তাবিথ আউয়াল অভিযোগ করেন, নির্বাচন কমিশন এখন পর্যন্ত দৃশ্যমান এমন কোনো পদক্ষেপ নিচ্ছে না, যেটা দেখে জনগণ আশ্বস্ত হবেন যে তারা নিজেদের ভোট নিজেরা দিতে পারবেন। গতকাল সোমবার দুপুরে রাজধানীর কাওরান বাজার ও তেজগাঁও এলাকায় জনসংযোগকালে তাবিথ আউয়াল সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘আমি আশঙ্কা করছি, এই নির্বাচন সুষ্ঠু হবে না এবং সুষ্ঠু না হওয়ার জন্য নির্বাচন কমিশন নিজেই উদ্যোগী ভূমিকা পালন করছে।’ তাবিথ আউয়াল জানান, বিএনপিসমর্থিত প্রার্থীদের নানা রকম হুমকি দেওয়া হচ্ছে, কাউন্সিলর প্রার্থীদের আটক করে নিয়ে যাওয়া হচ্ছে, অনেক প্রার্থীর নির্বাচনি কার্যালয়ে হামলা হয়েছে, মাইক ভেঙে ফেলা হয়েছে। কিন্তু নির্বাচন কমিশনে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।

তাবিথের নিরাপত্তা দিতে পুলিশ

কমিশনারকে চিঠি

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের অভিযোগের প্রেক্ষিতে তার নিরাপত্তা নিশ্চিতে ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) কমিশনারকে চিঠি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম। গতকাল সোমবার রাতে চিঠিটি পাঠানো হয়। এরআগে রবিবার উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা বরাবর নিরাপত্তা চেয়ে চিঠি দেন তাবিথ আউয়াল।