সিদ্ধিরগঞ্জে নিখোঁজ দুই শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার

সিদ্ধিরগঞ্জে নিখোঁজ দুই শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার নিখোঁজ হয় শামীম ও মনির। গতকাল সোমবার সকালে সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ডের গোদনাইল কবরস্থানের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, সিদ্ধিরগঞ্জের এসও রোড এলাকা থেকে গত শুক্রবার নিখোঁজ হয় শামীম (৮) ও মনির (৭)। পরদিন এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় জিডি করা হয়। সোমবার সকালে সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ডের গোদনাইল কবরস্থানের পাশের পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। খবর পেয়ে মৃত দুই শিশুর স্বজনরা মরদেহ শনাক্ত করেন। মৃত শামীমের বাবার নাম রবিউল আলম ও মনিরের বাবার নাম আব্দুল জাব্বার। তাদের গ্রামের বাড়ি রংপুরের গঙ্গাচরা থানায়। মা-বাবার সঙ্গে শিশু দুটি সিদ্ধিরগঞ্জের এসও রোড এলাকার বাদশা মিয়ার বাড়িতে বসবাস করত। মৃত দুই জনেরই বাবা অটোরিকশাচালক। সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, ধারণা করা হচ্ছে গোসল করতে নেমে পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।