শহরের উকিলপাড়া এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন লাইনের উকিলপাড়া-গলাচিপাড়ার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান, রাতে শহরের উকিলপাড়া-গলাচিপাড়ার মাঝামাঝি স্থানে ট্রেনটি পৌঁছলে ছাদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন রেললাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখে জিআরপি পুলিশকে খবর দেয়।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ত্রিশ থেকে চল্লিশের মতো হবে। এ ব্যাপারে রেলওয়ে পুলিশের (জিআরপি) নারায়ণগঞ্জ স্টেশন ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আলী আকবর জানান, আমরা খবরটি পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে নারায়ণগঞ্জ কালিরবাজার রেল স্টেশন মাস্টার গোলাম মোস্তফা বলেন, পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি আরো বলেন, দুর্ঘটনায় ঐ যুবকের দেহ ট্রেন লাইনে পড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে। তার পরিচয় এখনো জানা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা করছি।