রাজধানীর আবাসিক হোটেলের কক্ষ থেকে রাজশাহীর বেসরকারি ‘বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতালে’র পরিচালক এসএম আব্দুর রশিদের (৫৫) লাশ উদ্ধার করা হয় সোমবার। রাজধানী ঢাকার পল্টন এলাকার ‘হোটেল এশিয়া অ্যান্ড রিসোর্ট’ নামের আবাসিক হোটেলের নবম তলার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এদিকে পারিবারিক সূত্র জানায়, এসএম আব্দুর রশিদ ডলার রাজশাহীর বাঘা-চারঘাট আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের স্ত্রী আয়েশা আক্তার জাহান ডালিয়ার বড় ভাই।
মঙ্গলবার বেলা ১১টায় আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর রাজশাহী লক্ষীপুর মসজিদ প্রাাঙ্গনে দ্বিতীয় জানাজা শেষে নগরীর গোরস্থানে দাফন করা হয়। মৃত্যকালে তিনি মা, তিন ভাই, দুই বোন, স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর রাজনৈতিক এপিএস সিরাজুল ইসলাম।
পল্টন থানা পুলিশ জানায়, গত শনিবার ঢাকায় যান এসএমএ রশিদ। ওই দিন বিকেলে তিনি হোটেলে ওঠেন। সোমবার সকালে ঘুম থেকে না ওঠায় হোটেলের ব্যবস্থাপক শিশির চন্দ্র ও রশিদের গাড়িচালক আরিফ হোসেন বেলা ১২টার দিকে দরোজা খুলে কক্ষের ভেতরে প্রবেশ করেন। এ সময় তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: টরন্টোতে শিল্পী তানজিনা আমিনের একদিনের চিত্র প্রদর্শনী
অন্যদিকে মরহুম আব্দুর রশিদের মৃত্যুতে শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বাঘা উপজেলা চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দীন লাভলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, বাঘা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নেতা শফিউর রহমান শফিসহ আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ইত্তেফাক/নূহু