প্রদীপন এক আলোর প্রদীপ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসের একদল তরুণ শিক্ষার্থী হাতে নিয়েছে এক দারুণ উদ্যোগ :‘১ টাকার বিরিয়ানি’র পরে ‘৩ টাকায় শিক্ষাসামগ্রী ও শীতবস্ত্র’। অসহায় শিশুদের পাশে দাঁড়িয়ে সকলের মধ্যে সাড়া ফেলেছে ‘প্রদীপন’।

কথা হয়েছিল এ সংগঠনের অর্থ সম্পাদক মাহামুদুল হাসান মৃদুলের সঙ্গে। এ সংগঠনের যাত্রা শুরু ২০১৯ সালের ১৭ মার্চ। বর্তমানে এর ৬০ জনের অধিক সদস্য রয়েছে। প্রদীপন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি শিক্ষা সহায়ক স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের আশপাশের অঞ্চলের দুস্থ ও অসহায় শিশুদের জন্য কাজ করে। গত বছর স্বাধীনতা দিবসে প্রদীপনের পক্ষ থেকে দরিদ্র শিশুদের জন্য ‘১ টাকায় বিরিয়ানি’ শিরোনামে একটা অনুষ্ঠান করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় গত মহান বিজয় দিবস উপলক্ষে প্রদীপন পিছিয়ে পড়া শিশুদের জন্য ‘৩ টাকায় শিক্ষাসামগ্রী ও শীতবস্ত্র’ শিরোনামে একটি অনুষ্ঠানের আয়োজন করে। শিক্ষার উদ্দেশ্য হলো আলোকিত মানুষ গড়া, আমাদের দেওয়া এই ক্ষুদ্র সহায়তা কোমলমতি শিশুদের মনে যেন কোনোরূপ ‘করুণা’ কিংবা ‘দয়া করা’—এই রকম চিন্তার উদ্ভব না হয় এজন্যই এই সামান্য টাকা তাদের থেকে নেওয়া হয়।’ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দ্বারা পরিচালিত একটি সংগঠন রয়েছে, যার নাম ঘাষফুল বিদ্যালয়। তারা অসহায় শিশুদের শিক্ষাদান করে থাকে। প্রদীপন এ অনুষ্ঠানের জন্য নিজেরা একটি তালিকা তৈরি করে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দ্বারা পরিচালিত ঘাসফুল বিদ্যালয় থেকেও কিছু অসহায় শিক্ষার্থীদের তালিকা নেওয়া হয়েছিল। সব মিলিয়ে প্রায় একশত শিক্ষার্থীর কাছে তিন ধাপে ছয় মাসের প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী এবং শীত নিবারণের জন্য কম্বল পৌঁছে দেওয়া হয়। এই সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন রবিউল ফয়সাল নাইম, সাধারণ সম্পাদক হিসেবে আছেন মাকসুদুল ইসলাম, অর্থ সম্পাদক মাহামুদুল হাসান মৃদুল, এছাড়াও আনিকা, অপু, জয় প্রকাশ, জাবেদ, হিমেল, বৃষ্টি, শৈলী, সামি, রীমসহ আরো অনেকে। তাদের বক্তব্য হলো, আমাদের সমাজে এমন অনেক পিছিয়ে পড়া মানুষ রয়েছে। আমাদের প্রয়োজন জাতীয়ভাবে, সামাজিকভাবে এবং ব্যক্তিগতভাবে যে যার জায়গা থেকে এগিয়ে আসা। সবাই এগিয়ে এলে আমাদের সমাজটা সুন্দর হয়ে উঠবে। এছাড়াও সমাজের এই পিছিয়ে পড়া শিশুদের মূল স্রোতে নিয়ে আসতে বিভিন্ন শিক্ষা সহায়ক কর্মসূচি হাতে নেওয়া হবে বলে জানিয়েছে প্রদীপন।