ঝিনাইদহে শীতে ডায়রিয়ার প্রকোপ!

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ফের মৃদু শৈত্যপ্রবাহ শুরুর পর ঝিনাইদহে শীত জেকে বসেছে। আর শীতের কারণে শিশুরা আক্রান্ত হচ্ছে ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসযন্ত্রের রোগে। প্রতিদিনই সদর হাসপাতালসহ উপজেলার হাসপাতালগুলোতে ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত  শিশু ভর্তি করা হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, ঝিনাইদহ সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে রোগী গিজগিজ করছে। মেঝে, করিডোর ও বারান্দায় রোগী রেখে চিকিত্সা দেওয়া হচ্ছে। ডায়রিয়া ওয়ার্ডে বেড আছে ছয়টি। মঙ্গলবার এই ওয়ার্ডে রোগী ছিল ৩১ জন। এর মধ্যে ২৮ জনই শিশু। তিন জন ছিল বৃদ্ধ। আয়েশা বেগম নামের এক শিশুর মা জানান, সাত দিন আগে তার ছেলের ডায়রিয়া হয়েছে। পাঁচ দিন হাসপাতালে ভর্তি করে চিকিত্সা দিচ্ছেন। কিন্তু ভালো হয়নি। তাদের গ্রামে আরো শিশুকে বাড়িতে রেখে চিকিত্সা দেওয়া হচ্ছে। অপর এক রোগীর মা বলেন, হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে না। তাই অনেকে আউটডোরে দেখিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে।

এদিকে শৈলকুপা উপজেলা হাসপাতালেও ডায়রিয়ায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বেড়েছে। মঙ্গলবার আট জন ডায়রিয়ায় আক্রান্ত শিশু ভর্তি ছিল। কোটচাঁদপুর, মহেশপুর, কালীগঞ্জ ও হরিণাকুন্ডু উপজেলা হাসপাতালেও ডায়রিয়ায় আক্রান্ত রোগী আসছে বলে জানান সিভিল সার্জন ডা. সেলিনা বেগম। শীত বাড়লে শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়া রোগের প্রাদুর্ভার বাড়ে বলে তিনি জানান।

ঝিনাইদহ সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. হুমায়ুন শাহেদ বলেন, শীত বাড়ায় লোটা ভাইরাসজনিত ডায়রিয়ার প্রকোপ শুরু হয়েছে। শিশুরা পাতলা পায়খানা ও বমি করা শুরু করলে হাসপাতালে আনার পরামর্শ দেন।