কক্সবাজারে নিবন্ধন সার্ভার খুলে দেওয়ার সিদ্ধান্ত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে জন্মনিবন্ধন সার্ভার আবারও খুলে দেওয়া হচ্ছে। সোমবার বিকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার রাত ৯টার দিকে কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, রোহিঙ্গা অধ্যুষিতের কথা মাথায় রেখে কক্সবাজারে জন্মনিবন্ধন সনদ প্রদানে কিছুটা কড়াকড়ি আরোপেরও সিদ্ধান্ত হয়েছে। আগের মতো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা সচিব সরাসরি জন্মনিবন্ধন সনদ প্রদান করতে পারবেন না। উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি কমিটি আবেদনকারীদের জন্মস্থান এবং জাতীয়তা যাচাই করে জন্মনিবন্ধন সনদ প্রদান করবেন বলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয় বলেও জানিয়েছেন জেলা প্রশাসক।