ঘন কুয়াশায় অবতরণে ব্যর্থ তিন ফ্লাইট কলকাতা থেকে ফিরেছে চট্টগ্রামে

চট্টগ্রাম অফিস

ঘন কুয়াশার কারণে চট্টগ্রামে অবতরণে ব্যর্থ হয়ে কলকাতায় চলে যাওয়া তিনটি আন্তর্জাতিক ফ্লাইট মঙ্গলবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে।  বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে ফ্লাইটগুলো শাহ আমানতে অবতরণ করে। 

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সরোয়ার-ই-জাহান জানান, সকালে দোহা থেকে আসা ইউএস বাংলা, মাসকাট থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজ ও শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইট ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কম থাকায় চট্টগ্রামে অবতরণ করতে পারেনি। ফ্লাইটগুলো কলকাতায় অবতরণ করে। কুয়াশা কেটে যাওয়ার পর এসব ফ্লাইট চট্টগ্রামে নিয়ে আসা হয়। বিমানবন্দর এয়ার ট্রাফিক সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় প্রথম অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবি থেকে আসা ফ্লাইটটি। এরপর ঢাকা-চট্টগ্রাম রুটের নভো এয়ারসহ একাধিক ফ্লাইট অবতরণ ও গন্তব্যের উদ্দেশ্যে উড়ে যায়।