বিশ্বনাথে অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ, আহত ৩৫

বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা

বিশ্বনাথে অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে মঙ্গলবার দুই পক্ষের সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছেন। উপজেলার সিলেট-সুনামগঞ্জ সড়কের মাহতাবপুর মাছের আড়তের সামনে এ ঘটনা ঘটে। এ সময় কয়েকটি অটোরিকশা ভাঙচুর করা হয়।  উপজেলার লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আপস-মীমাংসার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে উভয় পক্ষ সম্মতি প্রকাশ করেছে। বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা জানান, অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে শতাধিক পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।