সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
রাজধানী ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটিগামী একমাত্র আন্তঃনগর ট্রেন নীলসাগর এক্সপ্রেস থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত দেড়টার দিকে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। মৃত ব্যক্তির নাম মাহবুব রশিদ। তার বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলায়। এ ব্যাপারে রেলওয়ে পুলিশ সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, মৃত মাহবুব রশিদের শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকায় ধারণা করা হচ্ছে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুর জেলা পুলিশ সুপার সিদ্দিকী তানঞ্জিলুর রহমান জানান, ঐ ব্যক্তি হূদেরাগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কারণ কেবিনের লক ভেতর থেকে আটকানো ছিল।