সাজ্জাদ হোসেন
প্রচারেতেই প্রসার রে ভাই, প্রচারেতেই প্রসার;
হোক তা যতই আবর্জনা, হোক তা যতই অসার।
তাইতো দেখি বুদ্ধিজীবী (!) চর্চা ফেলে মসির,
পদানত হচ্ছে গিয়ে ক্ষমতা আর অসির।
ছেপে নিয়ে নিজের নামে উপন্যাস আর নাটক,
পান না তিনি মনের মতো ব্যবসা করার পাঠক।
প্যাকিং করে বই নিয়ে হায় ঘোরেন বাড়ি বাড়ি;
অমুক মন্ত্রী, তমুক মন্ত্রী সবখানে দেন পাড়ি।
যার ক্ষমতা যত বেশি তার কাছে যান আগে,
লেখাই তবে সবকিছু নয়, ক্ষমতাটাও লাগে!
ছবি তোলেন হাত মিলিয়ে, দাঁত কেলিয়ে হাসেন;
ফেসবুকে তা ছড়িয়ে দিয়ে আত্মসুখে ভাসেন।
তেলের লরি নিয়ে ঘোরেন সভা-সেমিনারে,
মন্ত্রী বেটার গায়ে ঢালেন বিপুল সমাহারে।
এই যদি হয় ঔপন্যাসিক, লেখক, বুদ্ধিজীবী—
জ্ঞানের পাহাড় ক্ষয়ে হবে উইপোকাদের ঢিবি।