দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সতর্কতা
এএফপি
দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জায়ে-ইন সতর্ক করে বলেছেন, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের জন্য সময় ফুরিয়ে যাচ্ছে।
মুন মঙ্গলবার তার বার্ষিক নববর্ষের সংবাদ সম্মেলনে বলেন, ‘যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়ার আলোচনা এখন সচল নেই। এটা স্পষ্ট যে চুক্তির জন্য সময় ফুরিয়ে যাচ্ছে। তবে আমি বলতে পারি প্রেসিডেন্ট ট্রাম্প ও চেয়ারম্যান কিম উভয়েই পরস্পরকে বিশ্বাস করা অব্যাহত রেখেছেন এবং তাদের প্রচেষ্টা চালু রাখবেন।’ তিনি বলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে এখনো আলোচনায় বসতে প্রস্তুত উত্তর কোরিয়া।
সম্প্রতি উত্তর কোরীয় নেতা কিম জং উনকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠি লেখাকে শুভ লক্ষণ বলে অভিহিত করেন মুন। তিনি বলেন, কিম জং উনের জন্মদিন ঘিরে সাম্প্রতিক উত্তেজনায় কেউ কেউ উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে এর বদলে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়ে আলোচনায় বসার আগ্রহ দেখান। এটা চমত্কার উদ্যোগ।
উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা প্রক্রিয়ায় মুন মধ্যস্থতা করেন। মুন দীর্ঘদিন ধরে পিয়ংইয়ংকে আলোচনায় বসানোর চেষ্টা করেন। এ ক্ষেত্রে তিনি সোহার্দ্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলতে ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত উইন্টার অলিম্পিক অনুষ্ঠানকে কাজে লাগান। এর ধারাবাহিকতার চূড়ান্ত পর্যায়ে কিম ও ট্রাম্পের মধ্যে সিঙ্গাপুরে প্রথম যুগান্তকারী বৈঠক অনুষ্ঠিত হয়। নিষেধাজ্ঞা শিথিল করা প্রশ্নে গত বছর হ্যানয়ে তাদের দ্বিতীয় সম্মেলন ভেস্তে যাওয়ার পর থেকে আলোচনা মুখ থুবড়ে পড়ে।
আলোচনায় বলা হয়েছিল, উত্তর কোরিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার বিনিময়ে পিয়ংইয়ং তাদের পরমাণু কর্মসূচি পরিত্যাগে আগ্রহী। আর তখন থেকে উত্তর কোরিয়া তাদের পরমাণু ও আন্তঃদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বন্ধ রাখে। তবে এখন তারা বলছে, পিয়ংইয়ংয়ের দাবি ওয়াশিংটন প্রথমে পালন না করলে তারা আর আলোচনায় ফিরে যাবে না। সম্প্রতি কিম যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেন, ‘ওয়াশিংটন শত্রুতার নীতি অব্যাহত রাখলে এ অঞ্চলে কোনো পরমাণু নিরস্ত্রীকরণ হবে না।’