চীনের কারেন্সি ম্যানিপুলেটর তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র

 

চীনের ওপর থেকে কারেন্সি ম্যানিপুলেটর তকমা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে প্রথম দফার বাণিজ্যিক চুক্তির আগে এমন সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।

চীন তাদের মুদ্রার অবমূল্যায়ন করে বিদেশি ক্রেতাদের কাছে নিজেদের পণ্য কম দামি করার যে পন্থা নিয়েছিল সেই পথ থেকে তারা সরে আসতে সম্মতি জানিয়েছে। এ কারণেই যুক্তরাষ্ট্র এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। চলতি সপ্তাহেই ওয়াশিংটন এবং বেইজিংয়ের মধ্যে প্রথম দফার বাণিজ্যিক চুক্তি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এই চুক্তির মাধ্যমে ২০১৮ সালে দুই দেশ একে অন্যের পণ্যের ওপর যে শুল্ক আরোপের পালটাপালটি পদক্ষেপ নিয়ে আসছিল তার অবসান ঘটবে।

২০১৮ সালে চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে দেশটির রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এর জবাবে পালটা মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক বসায় চীন। তারপর থেকেই দুই দেশের মধ্যে বাণিজ্যিক বিরোধ চলছিল। কিন্তু  বুধবার প্রথম দফার চুক্তির পর এই পরিস্থিতি পালটে যাবে বলেই আশা করা হচ্ছে।