সড়ক শৃঙ্খলার অভাবে দুর্ঘটনা নিয়তির লিখন হয়ে দাঁড়িয়েছে। বিদায়ী বছরে সড়ক দুর্ঘটনা বেড়েছে আগের বছরের চেয়ে, বেড়েছে মৃত্যুর সংখ্যাও। ‘নিরাপদ সড়ক চাই’ আন্দালনের পরিসংখ্যান তাই বলে। সড়ক দুর্ঘটনা দুনিয়ায় সব দেশেই ঘটে। জনবহুল দেশ হিসেবে বাংলাদেশের বৃহত্ মহানগরী এবং মহাসড়কগুলোতে যানজটের প্রকোপ বেশি। যে কারণে দুর্ঘটনার পরিমাণ কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকে। কিন্তু রাজধানীসহ সব মহানগর কিংবা মহাসড়কে যানবাহন চালকরা সুযোগ পেলেই একজন আরেকজনকে অতিক্রম করার প্রতিযোগিতায় মেতে ওঠে। যে কারণে ঘটে অধিকাংশ দুর্ঘটনা।
সড়ক দুর্ঘটনার জন্য পথচারীদের দায় কোনো অংশে কম নয়। যেখানে সেখানে রাস্তা পারাপার, মোবাইল ফোনে কথা বলতে বলতে সড়কে চলা কিংবা রাস্তা পারাপারের প্রবণতা কম নয়। উলটো পথে যানবাহন চালানো এ দেশের দায়িত্বশীলদেরও অনেকের মজ্জাগত অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। ত্রুটিপূর্ণ যানবাহনও দুর্ঘটনা ডেকে আনছে, সৃষ্টি করছে ট্র্যাজেডি। সড়ক দুর্ঘটনা মোকাবিলায় সড়ক শৃঙ্খলা প্রতিষ্ঠা সবচেয়ে বেশি জরুরি। এক্ষেত্রে বিআরটিএ এবং ট্রাফিক পুলিশকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। চালক, যাত্রী, পথচারী সবার সচেতনতাও দুর্ঘটনা এড়ানোর জন্য জরুরি।
শুভ্র ঘোষ
নতুন বাজার, কলকলিয়াপাড়া,
মাগুরা