লোহাগড়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

 লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা 

লোহাগড়া উপজেলায় এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রবিবার উপজেলার চরআড়িয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত সোমবার কিশোরীর বাবা বাদী হয়ে পাঁচ জনের নামে মামলা করেছেন।

মামলার সূত্রে জানা গেছে, গত বুধবার ইতনা ইউনিয়নের লংকারচর গ্রামে খালাবাড়িতে বেড়াতে যায় নির্যাতনের শিকার ঐ কিশোরী। পরে রবিবার ঐ কিশোরী খালাবাড়ি থেকে চাচার বাড়ি চরআড়িয়ারা এলাকায় বেড়াতে যায়। ঐদিন সন্ধ্যায় নিজ বাড়িতে ফেরার সময় রাস্তার ওপর থেকে মুখ চেপে ধরে চরআড়িয়ারা গ্রামের মিকাইল মোল্যার ছনের জমিতে নিয়ে চরআড়িয়ারা গ্রামের আলামিন মোল্যা (১৮) ঐ কিশোরীকে ধর্ষণ করে। এ সময় ধর্ষককে ঐ গ্রামের শিহাব মোল্যা, মকুল মোল্যা, জাহাঙ্গীর মোল্যা ও ইয়াসিন মোল্যা সহযোগিতা করে। কিশোরীর চিত্কারে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। সোমবার লোহাগড়া হাসপাতালে চিকিত্সা শেষে তাকে নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

লোহাগড়া থানার ওসি (তদন্ত) মো. আমানুল্লাহ আল-বারী বলেন, কিশোরীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। কিশোরীর বাবা বাদী হয়ে পাঁচ জনের নামে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।