শোক সংবাদ

মুক্তিযোদ্ধা মো. নাদিরুজ্জামান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার বাড্ডা গ্রামের বিশিষ্ট সমাজসেবক মো. নাদিরুজ্জামান (৭৩) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। গতকাল মঙ্গলবার বাদ আছর বাড্ডা জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়। সোমবার রাতে নারায়ণগঞ্জের একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মাসুদা হক

মঙ্গলবার ভোর ৫টায় ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় হার্ট ও কিডনির অসুস্থতাজনিত কারণে মাসুদা হক (৮৩) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা মরহুম মাহবুব্ল হক মরহুমার স্বামী। আগরতলা মামলার অন্যতম অভিযুক্ত, ’৬৯-এর বীর শহিদ সার্জেন্ট জহুরুল হক ও সাবেক অ্যাটর্নি জেনারেল আমিনুল হক ছিলেন তার দেবর। তিনি এক ছেলে ডা. মাইনুল হক, দুই মেয়ে ইন্টেরিয়র ডিজাইনার নাজনীন হক মিমি ও স্কয়ার টয়লেট্রিজের হেড অব এইচআর মোনামী হককে রেখে গেছেন। আগামীকাল বাদ জোহর গুলশান সেন্ট্রাল মসজিদে (আজাদ মসজিদ) নামাজে জানাজার পর মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

গণেশ চৌধুরী

সাতক্ষীরার তালার প্রবীণ আওয়ামী লীগ নেতা গণেশ চন্দ্র চৌধুরী (৯৮) আর নেই। সোমবার রাত আনুমানিক ১১টার দিকে নিজ বাড়িতেই তিনি  ইহলোক ত্যাগ করেন। তিনি তালা সদর ইউনিয়নের জাতপুর গ্রামের মৃত সুরেন্দ্র নাথ চৌধুরীর ছেলে ও বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-এর কর্মকর্তা শম্ভুচরণ চৌধুরীর বাবা। তিনি ব্রিটিশবিরোধী আন্দোলনসহ মুক্তযুদ্ধকালীন মুক্তিযোদ্ধাদের সহযোগিতা ও আশ্রয়দাতা এবং আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শের ওপর অবিচল আস্থাশীল ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার দুপুরে তালার মাঝিয়াড়া মহাশ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া (দাহকার্য) সম্পন্ন হয়।

ডাঃ আবদুল করিম ফরাজী

কুমিল্লার চৌদ্দগ্রামের সাংবাদিক সিরাজুল ইসলাম ফরায়েজীর পিতা ডাঃ আবদুল করিম ফরাজী (৯৪) গত সোমবার ভোরে ঢাকায় চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, ছয় ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর নামাজে জানাজা শেষে তাকে বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ওয়াজেদ আলী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপ-উপাচার্য ও ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ড. এম ওয়াজেদ আলী (৮৫) সোমবার সকাল ৭টায় ক্যাম্পাস সংলগ্ন কাজলার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি. ..রাজিউন)। তিনি স্ত্রী, এক কন্যা, এক পুত্র রেখে যান। এদিন বাদ জোহর রাবি কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজার নামাজ শেষে মরদেহ নওগাঁয় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে রাবি উপাচার্য এম আব্দুস সোবহান, উপ-উপাচার্যদ্বয় আনন্দ কুমার সাহা ও চৌধুরী মো. জাকারিয়া, রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন গভীর শোক প্রকাশ করেছেন। 

রুহুল আমিন ভূঁইয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিশিষ্ট সমাজসেবক পৌর এলাকার নারায়ণপুর গ্রামের কৃতী সন্তান মো. রুহুল আমিন ভূঁইয়া (৬৮) রবিবার রাতে নবীনগর সদর হাসপাতালে ইন্তেকাল (ইন্নালিল্লাহি...রাজিউন) করেছেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গত সোমবার বাদ জোহর নারায়ণপুর ঈদগা মাঠে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

 

 

০