সেনাবাহিনী প্রধানের সঙ্গে নেপাল সেনাবাহিনী প্রধানের সাক্ষাত্

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে নেপাল সেনাবাহিনী প্রধান জেনারেল পূর্ণা চন্দ্র থাপা গতকাল মঙ্গলবার সেনাবাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাত্ করেছেন। সাক্ষাত্কালে তারা পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক এবং দ্বিপাক্ষিক প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন সহায়তার বিষয়ে আলোচনা করেন। একই দিনে নেপাল সেনাবাহিনী প্রধান জেনারেল পূর্ণা চন্দ্র থাপা নৌ বাহিনী ও বিমান বাহিনী প্রধানের সঙ্গেও সৌজন্য সাক্ষাত্ করেন।

উল্লেখ্য, সফররত প্রতিনিধিদল গতকাল ঢাকা সেনানিবাসে অবস্থিত সম্মিলিত সামরিক হাসপাতাল এবং মিরপুর সেনানিবাসে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজ ও ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ পরিদর্শন করেন। আজ প্রতিনিধিদল গাজীপুরে অবস্থিত বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি পরিদর্শন করবেন। তারা গত ১২ জানুয়ারি ঢাকায় পৌঁছেছেন এবং আজ বুধবার নিজ দেশে ফিরে যাবেন বলে আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।