এক জুটিতেই কুপোকাত ভারত!

স্পোর্টস ডেস্ক

মাত্র ২৫৫ রান বোর্ডে জমা করে আর আজকাল ওয়ানডেতে লড়াই করা যায় না। ফলে, নিজেদের মাঠে খেলা হওয়ার পরও অস্ট্রেলিয়ার বিপক্ষে সামান্যতম লড়াইটাও করতে পারল না ভারত। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়া কেবল জিতলই না, ভারতকে তারা হারাল ১০ উইকেটের বিশাল ব্যবধানে।

ভারতকে মূলত হারিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অধিনায়ক অ্যারন ফিঞ্চ। দুই জন মিলেই ম্যাচ বের করে আনেন। ৩৭.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এগিয়ে যায় ১-০ ব্যবধানে। আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ম্যাচটি অনুষ্ঠিত হবে রাজকোটে।

ওয়ার্নার ও ফিঞ্চ —সেঞ্চুরি করেছেন দুই জনই। ওয়ার্নার ১২৮ ও ফিঞ্চ ১১০ রান করে অপরাজিত থাকেন। যথাক্রমে ১১২ ও ১১৪ টি করে বল খেলেছেন এই দুই জন।

ব্যাটিংটা একদমই মনমতো হয়নি ভারতের। দলীয় ১৩ রানের মাথায় সাজঘরে ফিরে যান সময়ের অন্যতম সেরা ওপেনার রোহিত শর্মা। সেই অবস্থা অবশ্য কাটিয়ে তুলেছিলেন শিখর ধাওয়ান ও লোকেশ রাহুল। তাদের ১২১ রানের জুটিতে ম্যাচে ফিরে এসেছিল ভারত। ধাওয়ান ৭৪ রান করলেও হাফ সেঞ্চুরি থেকে তিন রান দূরে থাকতেই সাজঘরে ফেরেন রাহুল।

এরপরই ছন্দপতন। এক উইকেটে ১৩৪ থেকে মুহূর্তের মধ্যে পাঁচ উইকেটে ১৬৪ হয়ে যায় ভারত। ভারতের মিডল অর্ডার এখন চূড়ান্ত ব্যর্থ। বিরাট কোহলি ১৬, ঋষাভ পান্ত ২৮, রবিন্দ্র জাদেজা ২৫ রান করেন। ভালো সূচনা পেলেও কেউই ইনিংসটাকে লম্বা করতে পারেননি। চেষ্টা করেছিলেন লেজের ব্যাটসম্যানরাও। শার্দুল ঠাকুর ১৩, মোহাম্মদ শামি ১০ ও কুলদ্বীপ যাদব ১৭ রান করেন। তাতে শেষঅবধি স্কোরটা ভদ্রস্ত একটা রূপ পায়। নির্ধারিত ৫০ ওভারের পাঁচ বল বাকি থাকতেই ভারত ২৫৫ রানে অলআউট হয়।

বরাবরের মতো অজি বোলিংয়ের প্রাণ এদিনও ছিলেন পেসাররাই। সর্বোচ্চ তিনটি উইকেট নেন মিশেল স্টার্ক। এছাড়া দুটি করে উইকেট নেন প্যাট কামিন্স ও কেন রিচার্ডসন।

সংক্ষিপ্ত স্কোর

টস: অস্ট্রেলিয়া

ভারত: ৪৯.১ ওভারে ২৫৫ অলআউট (ধাওয়ান ৭৪, রাহুল ৪৭, পান্ত ২৮; স্টার্ক ৩/৫৬, রিচার্ডসন ২/৪৩, কামিন্স ২/৪৪)

অস্ট্রেলিয়া: ৩৭.৪ ওভারে ২৫৮/০ (ওয়ার্নার ১২৮*, ফিঞ্চ ১১০*)

ফলাফল: অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী।