বিপিএলের রেকর্ড আমিরের

স্পোর্টস রিপোর্টার

২০১২ সালে সেই প্রথম বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) সেরা বোলিংয়ের রেকর্ড করেছিলেন মোহাম্মদ সামি। তারপর থেকে এই সাত বছর ধরে অক্ষত ছিল রেকর্ডটা। অবশেষে সেই রেকর্ড ভাঙলেন আরেক পাকিস্তানি—মোহাম্মদ আমির।

আমিরের রেকর্ড করার এই রাতে রাজশাহী রয়্যালসকে ২৭ রানে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে চলে গেছে খুলনা টাইগার্স। তবে ম্যাচ শেষে কথা বলতে গিয়ে আমির এই জয়ের জন্য কৃতিত্ব দিলেন ব্যাটসম্যানদের। উইকেট কঠিন হয়ে উঠেছিল বলে তার ধারণা। তাই এখানে রান করাটা কঠিন ছিল বলে বলছিলেন আমির।

নিজের বোলিংয়ের কথা বলতে গিয়ে আমির বলছিলেন, তিনি কেবল বল সুইং করানো নিয়েই ভেবেছেন, ‘আমার মনে হয় আপনি যখন লাইটের নিচে বোলিং করেন, তখন আপনাকে সুইংয়ের সন্ধান করতে হবে। আমি সঠিক জায়গায় বোলিং করছিলাম। তাদের দুই ওপেনারই ভালো ফর্মে ছিলেন, তাই আমি ভেবেছিলাম যে যদি দুই জনকেই ফিরিয়ে দিতে পারি, তবে আমাদের জয়ের জন্য ভালো সুযোগ হবে।’

আগে ব্যাট করে খুলনা ৩ উইকেটে ১৫৮ রান করে। ৫৭ বলে ৭৮ রান করেন আগের ম্যাচেই সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত। জবাব দিতে নামা রাজশাহীর দুই ওপেনারকেই দ্রুত ফেরত পাঠান আমির। এরপর এক প্রান্তে দাঁড়িয়ে শোয়েব মালিক একা লড়াই করেছেন; তিনি ৫০ বলে ৮০ রান করেছেন। কিন্তু রাজশাহী ১৩১ রানে অলআউট হয়। আমির ১৭ রানে ৬ উইকেট তুলে নেন।

এই জয়ের জন্য শান্তদের কৃতিত্ব দিয়ে আমির বলছিলেন, ‘সব কৃতিত্ব ব্যাটসম্যানদের দিতে হবে। এমন উইকেটে ব্যাটসম্যানদের রান করাটা সহজ ছিল না। বোলারদের জন্য সুবিধাজনক ছিল। যেভাবে খেলেছে, সব কৃতিত্ব শান্তকে দেব। তবে শেষ পর্যন্ত ভালো ব্যাটিং করেছে। লড়াই করার জন্য ব্যাটসম্যানদের সহযোগিতায় ভালো একটা সংগ্রহ পেয়েছিলাম আমরা।’

বিপিএলে এই প্রথম ইনিংসে ৬ উইকেট পেলেন কোনো বোলার। ২০১২ বিপিএলে দুরন্ত রাজশাহীর হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে সামি নিয়েছিলেন ৬ রানে ৫ উইকেট। এতদিন রেকর্ড ছিল সেটিই। এবারের আসরেই সামির রেকর্ড ভাঙার সম্ভাবনা জাগিয়েছিলেন ওয়াহাব রিয়াজ। তবে শেষ পর্যন্ত পারেননি ঢাকা প্লাটুনের বাঁ-হাতি পেসার। রাজশাহী রয়্যালসের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন তিনি ৮ রানে।

২০১৫ বিপিএলে বরিশাল বুলসের হয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে ১৫ রানে ৫ উইকেট নিয়ে রেকর্ডের চারে আছেন ক্যারিবিয়ান পেসার কেভন কুপার।

বিপিএলে বাংলাদেশের কারো সেরা বোলিংয়ের রেকর্ড সাকিব আল হাসানের। ২০১৭ আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি রংপুর রাইডার্সের বিপক্ষে।