বার্সাকে সব জেতাতে চান সেতিয়েন

স্পোর্টস ডেস্ক

ইয়োহান ক্রুইফের ‘টোটাল ফুটবল’ দর্শনে বিশ্বাসী কিকে সেতিয়েনই বার্সেলোনার নতুন কোচ হচ্ছেন, ঘোষণাটা এসেছিল সোমবার ভোররাতেই। গতকাল মঙ্গলবার প্রথম অনুশীলন সেশন শেষে ক্লাব সমর্থকদের সামনেও স্প্যানিশ এই কোচকে উপস্থাপন করেছে কাতালান ক্লাবটি। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হয়ে সেতিয়েন জানালেন, বার্সাকে সব শিরোপা জেতানোই লক্ষ্য তার।

অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে সুপারকোপার সেমিফাইনালে হারের পর থেকেই বার্সেলোনা কোচের পদ থেকে আর্নেস্তো ভালভার্দের বরখাস্ত গুঞ্জনে মুখর ছিল স্প্যানিশ সংবাদ মাধ্যম। সোমবার রাত নাগাদ ব্যাপারটা পরিষ্কারই হয়ে গিয়েছিল। তবে অপেক্ষা ছিল নতুন কোচের। সেতিয়েনের সায় মিলতেই সোমবার শেষ রাতে ভালভার্দের চুক্তি বাতিল আর নতুন কোচের ঘোষণাটা দেয় বার্সা।

সুপারকোপা থেকে বিদায়ের পর সাবেক মিডফিল্ডার জাভি হার্নান্দেজকে কোচ হওয়ার প্রস্তাব দেয়া হয়। তবে কাতারি ক্লাব আল সাদের বর্তমান কোচ সেটা প্রত্যাখ্যান করেছিলেন। ফলে ক্লাবটির পছন্দের কোচের তালিকায় থাকা সেতিয়েনকে দেয়া হয়েছিল প্রস্তাব। আলোচনার শুরুর দিকে সেটা কেবল ছয় মাসের হলেও পরে দুই পক্ষের দর কষাকষিতে সেটা এসে দাঁড়ায় আড়াই মৌসুমের চুক্তিতে।

ক্রুইফের দর্শনে বিশ্বাসই মার্সেলো গ্যালার্দো, মরিসিও পচেত্তিনোদের চেয়ে সেতিয়েনকে এগিয়ে রেখেছিল, বিশ্বাস স্প্যানিশ সংবাদ মাধ্যমের। ক্রুইফের অধীনে কখনো খেলতে পারেননি; তবে তার অধীনে খেলতে হাতের একটা আঙুলও বিসর্জন দিতে পারতেন, এমনও জানিয়েছিলেন তিনি।

বছর তিনেক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্প্যানিশ এই কোচ জানিয়েছিলেন, ডাচ কিংবদন্তির টোটাল ফুটবলই তার কোচিং দর্শনের ভিত্তি। নিজের পাসিং ফুটবলের দর্শন নিয়ে তিনি বলেছিলেন, ‘আপনার কাছে যতক্ষণ বলের দখল থাকবে ততক্ষণ আপনি গোল হজম করবেন না, যদি না আপনি আত্মঘাতী গোল করে বসেন।’ এ কৌশলেই তো রিয়াল বেতিসকে এক মৌসুম আগে নিয়ে গিয়েছিলেন পয়েন্ট তালিকার শীর্ষ ছয়ে।

এছাড়াও প্রতিপক্ষের মাঠে পারফরম্যান্স চলতি মৌসুমে বার্সার বড় চিন্তার কারণ। সেতিয়েনের অধীনে রিয়াল বেতিস প্রতিপক্ষের মাঠে কিছু দারুণ জয় তুলে নিয়েছিল, বার্সাকে হারিয়েছিল তাদেরই মাঠে।  তবে এর আগে লাস পালমাস, রেসিং সান্তান্দেরের হয়ে তার উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই তার। তবে আক্রমণাত্মক দর্শন আর প্রাপ্যতা বিচারে তিনিই হন বার্সেলোনার নতুন কোচ।

গতকাল মঙ্গলবার প্রথম অনুশীলন সেশন শেষে সংবাদ মাধ্যমকে সেতিয়েন জানান, ভালো ফুটবল খেলে বার্সার হয়ে জিততে চান সবকিছু। তিনি বলেন, ‘আমার মধুরতর স্বপ্নেও বার্সা কোচ হওয়ার কথা ভাবিনি। এজন্য ক্লাবের সবাইকে ধন্যবাদ জানাই। নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্যে মুখিয়ে আছি। সম্ভাব্য সব জিততে চাই। ভালো ফুটবল খেলা ছাড়া দলটার উন্নতি করা ও সবকিছু জেতা সম্ভব নয়। ভালো ফুটবলই জয়ের পথটা গড়ে দেয়।’