আজ আকবরদের শেষ প্রস্তুতি ম্যাচ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

 স্পোর্টস রিপোর্টার

শনিবার দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। তার আগে আজ শেষ আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ দল। জোহানেসবার্গে আজ বাংলাদেশ দলের প্রতিপক্ষ নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। এর আগে একটি অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছিল আকবর আলীর দল। আর সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টাই করে তারা।

প্রিটোরিয়ায় সোমবার বৃষ্টির বাধায় প্রস্তুতি ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪৩ ওভারে। টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৫০ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। রান তাড়ায় শেষ বলে ২৫০ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল।

তানজিদের সঙ্গে ৭০ রানের উদ্বোধনী জুটিতে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন পারভেজ। পাঁচটি চারে ৩৮ বলে ৩২ রান করে তানজিদের বিদায়ে ভাঙে জুটি। বেশিক্ষণ টেকেননি মাহমুদুল হাসান। একটু মন্থর ব্যাটিংয়ে ফিফটিতে পৌঁছানো পারভেজ ২৭তম ওভার শেষে স্বেচ্ছায় মাঠ ছাড়েন। ৮২ বলে খেলা এই ওপেনারের ৫২ রানের ইনিংস গড়া চারটি চার ও দুটি ছক্কায়।

পরের ১৬ ওভারে ১৩১ রান যোগ করে বাংলাদেশ। এতে সবচেয়ে বড়ো অবদান হূদয় ও শামীমের। একটি করে ছক্কা ও চারে ৫৩ রান করেন হূদয়। টি-টোয়েন্টি ঘরানার ব্যাটিংয়ে ৩৩ বলে তিনটি করে ছক্কা-চারে ৫৯ রানে অপরাজিত থাকেন শামীম।

স্যাম ফ্যানিংয়ের রানআউটে ভাঙে অস্ট্রেলিয়ার ৬৬ রানের উদ্বোধনী জুটি। শুরুর জুটিতে ফ্যানিংই ৫০ বলে করেন ৪৬ রান। টপ অর্ডারের অন্য দুই ব্যাটসম্যান লিয়াম স্কট ও ম্যানেঞ্জি হার্ভেকে বিদায় করেন হাসান মুরাদ। মিডল ও লোয়ার অর্ডারে ছোবল দেন শরিফুল। লাচলান ও কোরে কেলির ব্যাটে ৫ উইকেটে ২০৬ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড়ানো অস্ট্রেলিয়াকে নাড়িয়ে দেন বাঁ-হাতি এই পেসার। ৪৪ রানে শেষ ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া, এর চারটিই নেন শরিফুল। জয়ের জন্য শেষ বলে প্রয়োজন ছিল ২ রান। দ্বিতীয় রান নেওয়ার চেষ্টায় রানআউট হয়ে ফেরেন টড মারফি। ৩৯ রানে ৪ উইকেট নেন শরিফুল। বাঁ-হাতি স্পিনার মুরাদ ২ উইকেট নেন ২৭ রানে।

বাংলাদেশের খেলা

(প্রথম পর্ব)

১৮ জানুয়ারি   বাংলাদেশ-জিম্বাবুয়ে পচেফস্ট্রুম

২১ জানুয়ারি   বাংলাদেশ-স্কটল্যান্ড  পচেফস্ট্রুম

২৪ জানুয়ারি   বাংলাদেশ-পাকিস্তান পচেফস্ট্রুম