স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়ায় দাবানল-দুর্গতদের ত্রাণে ৩ লাখ ৮৩ হাজার ইউরো দান করবে পুরুষ টেনিসের সর্বোচ্চ সংগঠন এটিপি। নোভাক জকোভিচ ও রাফায়েল নাদাল সম্প্রতি এটিপির হয়ে এ ঘোষণা দেন।
এ অর্থ ভাগাভাগি হবে ডব্লিউডব্লিউএফ অস্ট্রেলিয়ান ওয়াইল্ডলাইফ আর নেচার রিকভারি ফান্ডের মধ্যে। এটিপি প্লেয়ার কাউন্সিলের সভাপতি জকোভিচ বলেন, ‘এ দানটা সব খেলোয়াড়দের পক্ষ থেকে। আমাদের সমবেদনা ও প্রার্থনা দুর্গতদের সঙ্গে আছে।’ এছাড়া ব্যক্তিগত পরিসরে দুর্গতদের সাহায্যার্থে এগিয়ে আসছেন খেলোয়াড়রা। মারিয়া শারাপোভা আর জকোভিচ ২৫ হাজার ডলার দানের প্রতিশ্রুতিও দিয়েছেন। অকল্যান্ড ক্লাসিকের সব প্রাইজমানি দান করেছেন সেরেনা উইলিয়ামস। নাদাল, রজার ফেদেরার আর নিক কিরগিয়সকে সঙ্গে নিয়ে খেলবেন একটা প্রদর্শনী ম্যাচেও খেলবেন সেরেনা। চলতি মৌসুমে প্রতিটি ‘এইস’-এর জন্য ২০০ অস্ট্রেলিয়ান ডলার দান করবেন বলেও জানিয়েছেন কিরগিয়স।